মেলবোর্ন, ২৭ মার্চ- ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন হামলা স্থগিত রাখার ১০ দিনের ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালেই ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের অনুরোধ এবং চলমান আলোচনার প্রেক্ষিতে আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা চালাবেন না।
গত এক মাসে ইরান-ইসরাইল সংঘাতের কারণে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, আর ডব্লিউটিআই-এর দাম বেড়ে হয়েছিল ৪০ শতাংশ। শুক্রবার গ্রিনিচ মান সময় ০২:৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩.০৭ ডলারে নেমেছে, আর ডব্লিউটিআই-এর দাম ১.৮ শতাংশ কমে ১০৬.১২ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, হামলার সময়সীমা বাড়ানোয় সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কায় তেলের বাজার এখনও অস্থিতিশীল রয়েছে।
সূত্র: আল জাজিরা