বাংলাদেশ

জুলাই হত্যা মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, প্রমাণ মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

  • 2:37 am - August 02, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
মামলার তদন্ত শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২ আগস্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত রাকিবুল হোসেন (২৯) হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে মামলায় এজাহারভুক্ত ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত ১৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর ৫০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অন্যদিকে, যাদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি অথবা যাদের নাম অসৎ উদ্দেশ্যে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে, তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার, সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস মোল্লা, মহানগর আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি, এখলাস উদ্দিন মোল্লা এবং সাবেক কাউন্সিলর কাসেম মোল্লাসহ আরও অনেকে।

অন্যদিকে, যাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি কামরুল আরেফিন, পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরিফ, আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন এবং ব্যবসায়ী ইলিয়াস আহমেদ তালুকদার।

অভিযোগপত্রে যা বলা হয়েছে

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের উচ্চ আদালতের রায়ের পর ২০২৪ সালের জুন থেকে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন এবং তা দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে।

তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়, আন্দোলন দমনে তৎকালীন সরকারের শীর্ষ রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে পদক্ষেপ নেন। অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনাসহ অভিযুক্তরা গোপন বৈঠকের মাধ্যমে আন্দোলন কঠোরভাবে দমনের নির্দেশনা দেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও পদক্ষেপ গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রমের ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলন সহিংস রূপ নেয়।

লাশ উত্তোলন সম্ভব হয়নি

তদন্ত চলাকালে নিহত রাকিবুলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য আদালতের অনুমতি নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কবরস্থানে যাওয়া হলেও পরিবারের সদস্য ও স্থানীয়দের আপত্তির কারণে মরদেহ উত্তোলন করা সম্ভব হয়নি।

যেভাবে নিহত হন রাকিবুল

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন রাকিবুল হোসেন। সেদিন রাত ৯টার দিকে আন্দোলনকারীদের একটি মিছিল মিরপুর-১০ গোলচত্বরে পৌঁছালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত ব্যক্তির ছোড়া গুলিতে রাকিবুলের গলার বাম পাশে আঘাত লাগে। পরে তাকে দ্রুত নিকটস্থ ড. আজমল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ৯টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা মো. আবু বক্কর সিদ্দিক ঝিনাইদহ থেকে ঢাকায় আসেন। তৎকালীন পরিস্থিতিতে সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর পারিবারিক কবরস্থানে রাকিবুলকে দাফন করা হয়। পরে ২০ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন তিনি।

বাবার প্রত্যাশা

মামলার বাদী মো. আবু বক্কর সিদ্দিক জানান, রাকিবুল তার দুই ছেলের মধ্যে ছোট ছিলেন। তিনি ২০২১ সালে মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত এমআইএসটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন এবং মিরপুর-১১ এলাকায় থাকতেন।

তিনি বলেন, অভিযোগপত্র দাখিলের বিষয়টি তার জানা ছিল না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি শুধু ন্যায়বিচার চাই।”

এই শাখার আরও খবর

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড বাধ্যতামূলক

মেলবোর্ন, ২ আগস্ট: বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এ নীতির আওতায় নির্দিষ্ট আবেদনকারীদের মার্কিন ভিসা পাওয়ার…

গাজা থেকে সেনা প্রত্যাহারে কি প্রস্তুত নেতানিয়াহু?

মেলবোর্ন, ২ আগস্ট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকায় অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন। তবে…

মরক্কো-মেলিলা সীমান্তে ফের সংঘর্ষ, স্পেনে প্রবেশের চেষ্টায় উত্তেজনা

মেলবোর্ন, ২ আগস্ট: স্পেন-শাসিত মেলিলা সীমান্তে প্রবেশের চেষ্টা ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (স্থানীয় সময়) শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত অতিক্রম করে স্পেনে প্রবেশের চেষ্টা…

বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২ আগস্ট: যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ ডলার ফি আরোপের পরিকল্পনা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ…

পুলিশের গাড়িতে উগ্রবাদীদের হামলার আশঙ্কা, সতর্কতা জারি

মেলবোর্ন, ১ আগস্ট: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি…

শ্বাসনালিতে খাবার আটকে ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু

মেলবোর্ন, ১ আগস্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। শুক্রবার (৩১ জুলাই) সকালে নাশতা করার সময় শ্বাসনালিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au