বাংলাদেশ

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • 2:38 am - July 26, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
যুবকের ঝুলন্ত মরদেহ ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শাকিলের স্ত্রী ফারজানা ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম সমকালকে বলেন, নিহত শাকিলের স্ত্রী ফারজানা জানিয়েছেন—তাঁর স্বামী পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং তিনি নিয়মিত হেরোইন সেবন করতেন। দেড় বছর বয়সী এক কন্যাসন্তানকে নিয়ে তাঁরা এতদিন হাজারীবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তবে বেশ কয়েক মাসের ঘরভাড়া বকেয়া পড়ে যাওয়ায় তিন মাস আগে বাধ্য হয়ে ফারজানা সন্তানকে নিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজারে তাঁর বাবার বাসায় চলে যান। সেই থেকে শাকিল পরিবারবিচ্ছিন্ন হয়ে ভাসমান অবস্থায় দিনযাপন করছিলেন।

ওসি আরও বলেন, শাকিলের শরীরে অন্য কোনো আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাকিল সুধা সদনের একটি ফাঁকা ঘরের দরজার কাঠের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি সুধা সদনে কেন গেলেন?—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, সুধা সদনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাহারা না থাকায় ভবঘুরেদের আনাগোনা ছিল সেখানে। ধারণা করা হচ্ছে, নিরিবিলি পরিবেশ পেয়ে সেখানেই তিনি গলায় ফাঁস লাগিয়েছেন।

শাকিলের ভাই সাইদুল ইসলাম সমকালকে বলেন, আমার ভাই গুরুতর মাদকাসক্ত ছিলেন। গত তিন মাস ধরে পরিবারের কারও সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। তাঁর স্ত্রীর সঙ্গেও খুব একটা কথা হতো না। তিনি কোথায়, কীভাবে থাকতেন, সে বিষয়ে পরিবারের কেউ কিছুই জানতেন না।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ শনিবার সকাল ১১টার দিকে সুধা সদনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে মরদেহটির পরিচয় না মেলায় প্রযুক্তির সাহায্যে জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হওয়া যায় এবং পরবর্তীতে স্বজনদের খবর দেওয়া হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ডাকনাম ছিল ‘সুধা মিয়া’। মূলত তাঁর নামানুসারেই ধানমন্ডির এই বাসভবনটির নামকরণ করা হয়েছিল ‘সুধা সদন’।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুধা সদনে কয়েক দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই থেকেই বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

এই শাখার আরও খবর

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা।…

খালি হচ্ছে যন্তর মন্তর, ‘এবার একটু ঘুমাতে চাই’ বললেন অভিজিৎ দিপকে

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর সব দাবি কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার পর দিল্লির ঐতিহাসিক আন্দোলনস্থল যন্তর মন্তর…

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল সিজেপি

মেলবোর্ন, ২৬ জুলাই:  ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au