বাংলাদেশ

শ্রীলঙ্কার বাবা-ছেলে

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

  • 4:10 am - July 26, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
২৯ দিন কাঁচা মাছ খেয়ে বেঁচেছিলেনশ্রীলঙ্কার বাবা-ছেলে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন সাগরে ভেসেছেন তাঁরা। এর মধ্যে ২৯ দিন কাঁচা মাছ খেয়ে বেঁচেছিলেন। ওই দুই নাগরিক সম্পর্কে বাবা-ছেলে।

গত বুধবার রাতে মহেশখালী উপকূলে ট্রলারে থাকা জিয়াউর রহমান নামের এক জেলের নজরে পড়ে ভাসমান ওই নৌকাটি। গভীর সাগর থেকে তাঁদের উদ্ধার করে গতকাল শুক্রবার রাতে মহেশখালীতে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁরা কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার বাসিন্দা ও ট্রলারমালিক জিয়াউর রহমানের বাড়িতে অবস্থান করছেন।

উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন এস এইচ চামিন্দা (৫১) এবং তাঁর ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। তাঁদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার রুরাল হসপিটাল রোডে। পেশায় দুজনই জেলে।

যা ঘটেছিল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩৬ দিন আগে চারজন জেলে একটি ট্রলারে করে শ্রীলঙ্কার উপকূলে মাছ ধরতে যান। বৈরী আবহাওয়ায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তা ভেসে আন্দামান সাগরের দিকে চলে যায়। তিন দিন পর অন্য একটি নৌকার সহায়তায় অন্য দুই জেলে দেশে ফিরে গেলেও নিজেদের ট্রলার হওয়ায় বাবা-ছেলে থেকে যান। এর সাত-আট দিন পর মিয়ানমারের কিছু লোক তাঁদের ট্রলারে উঠে দুরবিন ও ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। একপর্যায়ে ট্রলারটি ভাসতে ভাসতে বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে এসে পৌঁছায়। যাত্রা শুরুর সাত দিন পরই তাঁদের মজুত খাবার শেষ হয়ে যায়। এরপর টানা ২৯ দিন ধরে তাঁরা বড়শির টোপ হিসেবে রাখা খাবার এবং সমুদ্র থেকে ধরা কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন।

এই নৌকা নিয়ে ৩৬ দিন আগে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন তাঁরা। এরপর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে চলে আসেন বাংলাদেশের উপকূলে।ছবি: সংগৃহীত

উদ্ধারকারী ট্রলারের মাঝি জিয়াউর রহমান বলেন, গভীর সাগর থেকে মাছ ধরে ফেরার সময় বুধবার রাতে ভাসমান ট্রলারটি তাঁরা দেখতে পান। কাছে গিয়ে দেখেন ভাসমান ট্রলারে দুজন মানুষ পড়ে আছেন এবং একজনের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাঁরা হাত জোড় করে বাঁচানোর আকুতি জানান। মানবিক কারণে তাঁদের নিজেদের ট্রলারে তুলে নেন এবং অচল ট্রলারটি রশি দিয়ে বেঁধে শুক্রবার রাতে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ঘাটে নিয়ে আসেন।

জিয়াউর রহমান জানান, শ্রীলঙ্কান ভাষা বুঝতে সমস্যা হওয়ায় দুবাইপ্রবাসী দোভাষী তাঁর আত্মীয় সেলিমের মাধ্যমে বিদেশি দুই নাগরিকের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত নিশ্চিত হওয়া গেছে।

আজ শনিবার বিকেলে জিয়াউর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেছে, কোস্টগার্ডের সদস্যরা দোভাষীর সহায়তায় ওই দুই জেলের সঙ্গে কথা বলছেন। বিদেশি নাগরিকদের দেখতে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল বলেন, চিকিৎসাসেবার পর দুজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। দীর্ঘদিন অভুক্ত থাকায় তাঁরা অত্যন্ত ক্লান্ত। বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সুলতান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দোভাষীর মাধ্যমে বিস্তারিত জেনেছে। বৈরী আবহাওয়ার কারণে তাঁরা শ্রীলঙ্কার জলসীমা থেকে ভেসে বাংলাদেশে চলে এসেছেন। পাসপোর্ট ছাড়া বিদেশি নাগরিকের বাংলাদেশে প্রবেশ আইনের দৃষ্টিতে অপরাধ হলেও এই ঘটনার মানবিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা।…

খালি হচ্ছে যন্তর মন্তর, ‘এবার একটু ঘুমাতে চাই’ বললেন অভিজিৎ দিপকে

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর সব দাবি কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার পর দিল্লির ঐতিহাসিক আন্দোলনস্থল যন্তর মন্তর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au