বাংলাদেশ

শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট

----​মানিক লাল ঘোষ-----

  • 6:27 pm - August 01, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
মানিক লাল ঘোষ।

মেলবোর্ন, ১ আগস্ট: ক্যালেন্ডারের পাতা উল্টে পঞ্জিকায় আগস্ট মাসটি এলেই সমগ্র বাঙালি জাতির মননে এক গভীর, দীর্ঘস্থায়ী বেদনার ছায়া নেমে আসে। বাঙালির জাতীয় ইতিহাসে আগস্ট কেবল একটি মাস বা পঞ্জিকার কয়েকটি দিনমাত্র নয়; এটি রক্তে ভেজা শোক, হারানোর অন্তহীন বেদনা এবং বাঙালি জাতির আত্মিক মানচিত্রের ওপর এক বর্বরোচিত কালিমালিপ্ত অধ্যায়ের প্রতীক।

১৯৭৫ সালের এই আগস্ট মাসেই বাঙালি হারিয়েছিল তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের। ফলশ্রুতিতে, প্রতিবছর আগস্ট মাস আমাদের মনে করিয়ে দেয় এক অপূরণীয় শূন্যতা এবং জাতীয় ট্র্যাজেডির ক্ষতচিহ্ন।

​১৯৭৫ সালের ১৫ আগস্টের ভোরে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাসভবনে যে নৃশংস তাণ্ডব চালিয়েছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী ও ঘাতকচক্র, তা কেবল মানবসভ্যতার ইতিহাসে নয়, বিশ্বরাজনীতির জগতেও বিরল। সেদিন ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ঘাতকদের নির্মম বুলেটের শিকার হয়ে শাহাদতবরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন শেখ কামাল, পুত্রবধূ সুলতানা কামাল খুকু, দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল, পুত্রবধূ পারভীন জামাল রোজী, কনিষ্ঠ পুত্র ও চতুর্থ শ্রেণির ছাত্র ১০ বছরের শিশু শেখ রাসেল, বঙ্গবন্ধুর ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ নাসের, বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের প্রধান কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কয়েকজন কর্মকর্তা।

​একই রাতে ধানমন্ডির আরেকটি বাড়িতে বর্বরোচিত হামলায় নির্মমভাবে নিহত হন বঙ্গবন্ধুর ভাগ্নে, যুবলীগের প্রতিষ্ঠাতা ও প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং তাঁদের বাড়িতে আশ্রিত বা উপস্থিত নিকটাত্মীয় ও কর্মচারীরা। পাশাপাশি ঘাতকচক্র সেদিন বেইলি রোডের সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত-এর ওপর হামলা চালায়। সেখানে শহীদ হন আবদুর রব সেরনিয়াবাত, তাঁর কন্যা বেবি সেরনিয়াবাত, পুত্র আরিফ সেরনিয়াবাত, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আব্দুল্লাহ বাবু, আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমুর খালাতে ভাই নাঈম খান রিন্টু, ঘরের কাজের মেয়েসহ আরও অনেকে।

​সেদিন ঘাতকদের পশুবৃত্তির মূল লক্ষ্য ছিল একটাই-বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করে স্বাধীন বাংলাদেশকে নবরূপদানে ব্যর্থ করে দেওয়া এবং পরাধীনতার শৃঙ্খলে পুনরায় আবদ্ধ করা। তবে পরম সৌভাগ্যবশত, সেসময় জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় এই সুপরিকল্পিত প্রাণঘাতী আক্রমণ থেকে প্রাণে বেঁচে যান। কিন্তু ইতিহাস সাক্ষী, বুলেট দিয়ে আদর্শের কণ্ঠরোধ করা যায় না।

আগস্ট মাস আমাদের কেবল অশ্রুসিক্ত হওয়ার বা নিছক স্মৃতিরোমন্থন করার মাস নয়; এটি একই সাথে আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা এবং ঘুরে দাঁড়ানোর প্রত্যয় গ্রহণ করার মাস। ১৫ আগস্টের গভীর বেদনায় বিমর্ষ না হয়ে আমাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত এই শোককে অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তর করা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের অন্তরালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে স্বাধীনতা বিরোধীদের দেশবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছিল এবং বর্তমানের যে জটিল বাস্তবতা তৈরি হয়েছে, তা গভীর জাতীয় ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে।

যে ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বুকে ধারণ করে বঙ্গবন্ধু দীর্ঘ সংগ্রাম ও কারাজীবন সহ্য করেছিলেন, সেই বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র বিনির্মাণের কাজটি আজ আমাদের সবার কাঁধে ন্যস্ত। আজকের তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে পঁচাত্তরের নেপথ্যের কুশীলবদের ষড়যন্ত্র এবং ইতিহাসের নির্মম সত্যগুলোকে উন্মোচন করে দেওয়া সময়ের সবচেয়ে বড় দাবি। নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে তবেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে যেকোনো মূল্যে রক্ষা করতে সচেষ্ট হবে।

আজকের এই পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং সময়ে দাঁড়িয়ে আমাদের জাতীয় জীবনে ঐক্য এবং সুশাসনের প্রয়োজনীয়তা অপরিসীম। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা প্রতিটি নাগরিক ও বুদ্ধিজীবী সমাজের নৈতিক দায়িত্ব। শোকের এই পবিত্র মাসে আমাদের নতুন করে শপথ নেওয়া উচিত-সংকীর্ণ দলীয় বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে রাষ্ট্রকে, দেশের সার্বভৌমত্বকে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা এবং একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁর এবং ১৫ আগস্টের সকল শহিদের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন।

​শোকের এই বেদনাবিধুর প্রাক্কালে আমরা গভীরতম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের কালরাতে শহিদ হওয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, পারভীন জামাল রোজী, শিশু শেখ রাসেল, শেখ নাসের, কর্নেল জামিল উদ্দিন আহমেদ, শেখ ফজলুল হক মণি ও তাঁর স্ত্রী আরজু মণি, আবদুর রব সেরনিয়াবাত, সুকান্ত বাবুসহ সেদিন শহিদ হওয়া প্রতিটি সদস্য ও নিকটাত্মীয়কে। তাঁদের পবিত্র স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করি—শোক হোক আমাদের নতুন করে জেগে ওঠার শক্তি, আর অসাম্প্রদায়িক চেতনা হোক আমাদের পথচলার চিরন্তন আলোকবর্তিকা।

​(মানিক লাল ঘোষ: সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি)

এই শাখার আরও খবর

চব্বিশের ৪ আগস্ট: এক থানায় ১৫ পুলিশ সদস্য নিহত, এরপর কী ঘটেছিল?

মেলবোর্ন, ১ আগস্ট:“ছোটভাইকে ফোন করে বলেছিলাম আমাদের থানা অ্যাটাক করেছে। আমি মনে হয় আর বাঁচবো না। সুযোগ নাই আমাদের বাঁচার। এটাই আমার শেষ কথা জীবনের।…

নিরাপত্তা পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ে ক্লড এআই

মেলবোর্ন, ১ আগস্ট: নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের একটি পরীক্ষার সময় অ্যান্থ্রপিকের উন্নত ক্লড এআই মডেল অনাকাঙ্ক্ষিত ভাবে তিনটি প্রতিষ্ঠানের বাস্তব কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছে। প্রতিষ্ঠানের ভাষ্য…

লস অ্যাঞ্জেলেসে বাসা ভাড়ার টাকাটাও ছিল না: সঞ্জয় দেব

মেলবোর্ন, ১আগস্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার মঞ্চে পারফর্ম করে ইতিহাস গড়া বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত শিল্পী সঞ্জয় দেব জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে তাকে চরম আর্থিক…

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

মেলবোর্ন, ১ আগস্ট: দেশে হামের প্রকোপ কমার লক্ষণ এখনো স্পষ্ট নয়। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…

আমিনবাজারে ছাত্রলীগ-যুবলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ১ আগস্ট: ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।…

ককরোচ’ মন্তব্যে সতর্ক করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ আগস্ট: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ও ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক সমস্যার সমাধান না হলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au