বাংলাদেশ

নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

রথযাত্রার দিনে মতিঝিলে আইইডি: আট দিনেও মেলেনি উত্তর

তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নগর নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি এবং সন্ত্রাসবিরোধী সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

  • 3:45 am - August 02, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
মতিঝিলে রথযাত্রার সময় বিস্ফোরক উদ্ধার—ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জোরালো হচ্ছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২ আগষ্ট- ঢাকার মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ ও উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় উল্টো রথযাত্রার দিন শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের আট দিন পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কেউ ঘটনার দায়ও স্বীকার করেনি। তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নগর নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি এবং সন্ত্রাসবিরোধী সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মামলার তদন্তে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা অকেজো থাকা। ফলে কে বা কারা বিস্ফোরকটি সেখানে রেখে গেছে, তারা কোন পথ ব্যবহার করেছে কিংবা ঘটনার আগে-পরে তাদের গতিবিধি কী ছিল, সে বিষয়ে কোনো ভিডিও ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকেও সন্দেহভাজনদের শনাক্ত করার মতো কার্যকর আলামত মেলেনি।

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বোমা বিস্ফোরণ, উদ্ধার আরও একটি অবিস্ফোরিত বোমা। ছবি: সংগৃহীত

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রাকে লক্ষ্য করেই বিস্ফোরকটি রাখা হয়েছিল। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মতিঝিল শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে যাওয়ার কথা ছিল। ঠিক সেই পথেই একটি খয়েরি রঙের ছাতার ভেতরে শক্তিশালী আইইডিটি লুকিয়ে রাখা হয়।

দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশ সদস্য ছাতার ভেতর লাল রঙের একটি আলো জ্বলতে দেখে সন্দেহ করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে জানান। এরপর সম্ভাব্য প্রাণহানি এড়াতে দ্রুত রথযাত্রার রুট পরিবর্তন করা হয় এবং শর্ট সার্কিটের অজুহাতে আশপাশের এলাকা খালি করা হয়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে আইইডিটি নিষ্ক্রিয় করে। তবে ওই অভিযানের সময় একজন পথচারী আহত হন।

সিটিটিসির বোমা বিশেষজ্ঞদের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, আইইডিটির ভেতরে প্রায় এক থেকে দেড় কেজি সালফার, বৈদ্যুতিক সার্কিট, দুটি ৯ ভোল্টের ব্যাটারি এবং জিআই পাইপের ভেতরে অসংখ্য লোহার বিয়ারিং বল ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণের সময় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করতেই এসব স্প্লিন্টার সংযোজন করা হয়। ঘটনাস্থল থেকে ছাতার পোড়া কাপড়, বাঁট, রড, ব্যাটারির খণ্ডাংশ, জিআই পাইপের টুকরা এবং ১২টি বিয়ারিং বল উদ্ধার করা হয়েছে।

তদন্তকারীদের ভাষ্য, বিস্ফোরকটি অত্যন্ত কৌশলে তৈরি করা হয়েছিল। কেউ যদি কৌতূহলবশত ছাতাটি খুলতে যেতেন অথবা হাতলের সুইচ চাপতেন, তাহলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটতে পারত। বিশেষজ্ঞদের মতে, এটি কোনো সাধারণ বিস্ফোরক নয়; বরং পরিকল্পিতভাবে অধিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটানোর উদ্দেশ্যে তৈরি করা উচ্চক্ষমতাসম্পন্ন আইইডি।

তবে আট দিন পার হলেও তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি এটি কোনো জঙ্গি সংগঠনের পরিকল্পিত নাশকতা, নাকি অন্য কোনো সংগঠিত চক্রের কর্মকাণ্ড। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখেই তদন্ত চলছে।

ঘটনার পর মতিঝিল থানা পুলিশের পাশাপাশি তদন্তে যুক্ত হয় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। একাধিক তদন্ত দল সমন্বিতভাবে কাজ করছে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, তদন্ত অব্যাহত রয়েছে। তবে এই মুহূর্তে নতুন করে জানানোর মতো কোনো তথ্য নেই। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি এবং কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।

সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, একাধিক টিম তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এটি কোনো সংগঠিত জঙ্গি গোষ্ঠীর কাজ নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছে, সে বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন হবে না।

এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা দীর্ঘদিন না ঘটলেও উগ্রবাদী তৎপরতা নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। কয়েক মাস আগেই পুলিশ সদর দপ্তর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছিল। এরপর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা, আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে সম্ভাব্য ডিজিটাল যোগাযোগের তথ্য, পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সংশ্লিষ্ট অনলাইন সংযোগের অনুসন্ধান এবং নতুন উগ্রবাদী সেল হিসেবে আলোচনায় আসা ‘ফাতাহ কমব্যাট গ্রুপ’-এর তৎপরতার মতো ঘটনাগুলো নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে। মতিঝিলে আইইডি উদ্ধারের ঘটনাকে সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিবাদ প্রতিরোধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনাই পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর মূল দায়িত্ব হলেও বর্তমানে তারা নিয়মিত অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মামলার তদন্তে ব্যাপকভাবে ব্যস্ত থাকায় মূল দায়িত্বে পর্যাপ্ত মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো আরও বলছে, সন্ত্রাসবাদ দমনে অভিজ্ঞ কর্মকর্তাদের অন্য ইউনিটে বদলি এবং দক্ষ জনবলের ঘাটতিও পরিস্থিতিকে জটিল করেছে। অতীতে যেসব কর্মকর্তা দীর্ঘদিন সন্ত্রাসবাদ দমনে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তাদের অনেকেই বর্তমানে বিশেষায়িত ইউনিটে নেই। ফলে সন্ত্রাসবাদ মোকাবিলায় গঠিত সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

তবে এসব সমালোচনার জবাবে সম্প্রতি ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মোহাম্মদ শামসুল হক বলেন, সিটিটিসির অধীনে শুধু কাউন্টার টেরোরিজম নয়, আরও কয়েকটি বিভাগ রয়েছে এবং প্রতিটি বিভাগ সমান গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। এ কারণে বিভিন্ন ধরনের দায়িত্ব একসঙ্গে পালন করতে হচ্ছে ইউনিটটিকে।

এই শাখার আরও খবর

আজ বা আগামীকালের মধ্যে ইরানে নতুন হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২ আগস্ট: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আজ শনিবার অথবা আগামীকাল রোববারের মধ্যে হামলা চালানোর…

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড বাধ্যতামূলক

মেলবোর্ন, ২ আগস্ট: বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এ নীতির আওতায় নির্দিষ্ট আবেদনকারীদের মার্কিন ভিসা পাওয়ার…

শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, প্রমাণ মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

মেলবোর্ন, ২ আগস্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত রাকিবুল হোসেন (২৯) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে…

গাজা থেকে সেনা প্রত্যাহারে কি প্রস্তুত নেতানিয়াহু?

মেলবোর্ন, ২ আগস্ট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকায় অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন। তবে…

মরক্কো-মেলিলা সীমান্তে ফের সংঘর্ষ, স্পেনে প্রবেশের চেষ্টায় উত্তেজনা

মেলবোর্ন, ২ আগস্ট: স্পেন-শাসিত মেলিলা সীমান্তে প্রবেশের চেষ্টা ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (স্থানীয় সময়) শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত অতিক্রম করে স্পেনে প্রবেশের চেষ্টা…

বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২ আগস্ট: যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ ডলার ফি আরোপের পরিকল্পনা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au