এরিন প্যাটারসন; ছবিঃ গ্লোবাল নিউজ
মেলবোর্ন, ৭ জুলাই-
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বহুল আলোচিত মাশরুম বিষক্রিয়া মামলায় তিনজনকে হত্যার অভিযোগে এরিন প্যাটারসনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। মর্লওয়েল সুপ্রিম কোর্টের ১২ সদস্যের জুরি সর্বসম্মতভাবে এই রায় দেন।
২০২৩ সালের জুলাইয়ে নিজের বাড়িতে রান্না করা ‘বিফ ওয়েলিংটন’-এ ভয়াবহ বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম মিশিয়ে খাবার খাওয়ানোর অভিযোগে এই মামলার সূত্রপাত হয়। খাবার খাওয়ার পর এরিনের শ্বশুর-শাশুড়ি ডন (৭০) ও গেইল প্যাটারসন (৭০), এবং গেইলের বোন হেথার উইলকিনসন (৬৬) মারা যান। আরেকজন, হেথারের স্বামী ইয়ন উইলকিনসন (৬৯) গুরুতর অসুস্থ হলেও পরে প্রাণে বেঁচে যান।
আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড। প্রমাণ হিসেবে আদালতে দেখানো হয় এরিনের মোবাইল ডেটা, যার মাধ্যমে জানা যায়, ঘটনার আগে তিনি ইন্টারনেটে বিষাক্ত মাশরুম সম্পর্কে খোঁজ করেছিলেন। আরও বলা হয়, ঘটনার সময় এরিন নিজেও একই খাবার খেয়েছিলেন বলে দাবি করলেও, তার অসুস্থতা ছিল অনেক কম মাত্রায়।
অন্যদিকে এরিন প্যাটারসন বারবার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এটি ছিল একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা। তিনি আদালতকে জানান, কোনো ধরনের পরিকল্পনা বা খারাপ উদ্দেশ্য তার ছিল না।
প্রায় তিন মাসের শুনানি শেষে আদালত এই মামলার রায় ঘোষণা করে। এখন এরিনকে আনুষ্ঠানিকভাবে শাস্তি ঘোষণা করা হবে, তবে তার পক্ষের আইনজীবীরা আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় পুরো অস্ট্রেলিয়াজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এই ঘটনার কারণ, তদন্ত ও আদালতের প্রতিটি ধাপ স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঘনিষ্ঠভাবে অনুসরণ করা হয়েছে। এখন সবার নজর এরিনের শাস্তির মাত্রা ও সম্ভাব্য আপিলের দিকেই।
সুত্রঃ নাইন নিউজ