সর্বশেষ

ইউরোপ ও মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

  • 7:51 am - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ঘোষণা দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প: (রয়টার্স, হোয়াইট হাউস, ২০২৫)

মেলবোর্ন, ১৩ জুলাই-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১১ জুলাই) স্থানীয় সময় রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দুটি পৃথক চিঠির মাধ্যমে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমকে এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

চিঠিতে ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ইইউ বা মেক্সিকো যদি পাল্টা কোনো বাণিজ্যিক ব্যবস্থা নেয়, তবে তাদের পণ্যের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে। তবে এক ধরণের ছাড়ও রেখেছেন তিনি—যদি ইউরোপীয় ইউনিয়ন বা তাদের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদন বা নির্মাণ করে, তাহলে সেই পণ্যে শুল্ক বসানো হবে না।

মেক্সিকোর উদ্দেশে লেখা চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘মেক্সিকো সীমান্ত নিরাপত্তায় আমাদের কিছুটা সহায়তা করেছে, তবে সেটা যথেষ্ট নয়।’

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইইউ ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পণ্য রপ্তানিকারক অঞ্চল। ওই বছর ইইউ’র রপ্তানি মূল্য ৫৫৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

এদিকে ২৭ সদস্য দেশের ইইউ, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, জানিয়েছে যে, তারা ১ আগস্টের আগেই ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্যিক সমঝোতায় পৌঁছানোর জন্য কাজ করছে।

ট্রাম্প শুধু ইইউ বা মেক্সিকো নয়, চলতি সপ্তাহেই কানাডা, জাপান, ব্রাজিল, ভিয়েতনাম, বাংলাদেশসহ অন্তত আরও ২৩টি দেশের নেতাদের উদ্দেশে অনুরূপ চিঠি পাঠিয়েছেন। এসব চিঠিতে বিভিন্ন দেশের পণ্যের ওপর ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা এসেছে।

ট্রাম্প দাবি করেছেন, বৈশ্বিক বাণিজ্যে ‘পারস্পরিকতা’ আনার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ২ এপ্রিল ‘লিবারেশন ডে’তে প্রথম এক ঘোষণায় পুরো বিশ্বের ওপর ১০% শুল্ক এবং ৬০টি নির্দিষ্ট দেশের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর প্রভাবে বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের মন্দা দেখা দেয়।

তবে এক সপ্তাহের মধ্যেই এসব শুল্ক কার্যকরের ওপর ৯০ দিনের বিরতি ঘোষণা করা হয়। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র প্রায় ৯০টি নতুন বাণিজ্য চুক্তি করতে চেয়েছিল, যদিও শেষ পর্যন্ত কেবল যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে প্রাথমিক সমঝোতা হয়।

গত সোমবার আবারও শুল্ক কার্যকরের সময়সীমা ১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। ট্রাম্পের নতুন চিঠিগুলোতে ঘোষিত শুল্কগুলো ঠিক সেই তারিখেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বাকি সব দেশকে আমরা জানিয়ে দিচ্ছি, তারা হয় ২০%, না হয় ১৫% শুল্ক দেবে। আমরা এটা এখন ঠিক করে নিচ্ছি।’

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে এবং ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যকার অর্থনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au