অস্ট্রেলিয়া

মেলবোর্নে বিপিসিএসভি (BPCSV)’ র দুর্গাপূজা: অস্ট্রেলিয়ায় বাঙালির ঐক্যের মহোৎসব

  • 11:41 am - October 06, 2025
  • পঠিত হয়েছে:৪৪৯ বার
মেলবোর্নে দুর্গাপূজার বর্ণিল আবহ

মেলবোর্ন ৬ অক্টোবর: মেলবোর্নে বেঙ্গলি পূজা অ্যান্ড কালচারাল সোসাইটি অফ ভিক্টোরিয়া (BPCSV)’ র এবারের দুর্গাপূজা পরিণত হয়েছিল এক অনন্য উৎসবে। যেখানে ধর্মীয় আচার, সংস্কৃতি, আনন্দ আর সম্প্রীতি মিলেমিশে তৈরি করেছে এক বর্ণিল আবহ। বিএসিভি (BSCV) ও বিপিসিএসভি (BPCSV)-এর যৌথ উদ্যোগে গত ৩, ৪ ও ৫ অক্টোবর হাঙ্গেরিয়ান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই মহোৎসবে শুধু বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরাই নন, অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর, কান্ট্রি টাউন থেকে আগত ভক্তরাও। পাশাপাশি উপস্থিত ছিলেন ভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ, যা আয়োজনটিকে করেছে আরও অন্তর্ভুক্তিমূলক। ঐক্যের এই মহোৎসবের মিডিয়া পার্টনার ছিল ওটিএন বাংলা।

তিন দিনব্যাপী এ আয়োজনে অঞ্জলি, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের প্রতিযোগিতা সবকিছুতেই ছিল উৎসবের আবেগ ও আনন্দের উচ্ছ্বাস। 

গত তিন অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মাধ্যমে পূজার কার্যক্রম সূচনা হয়। ৪ অক্টোবর শনিবার সপ্তমী এবং অষ্টমী পূজা সম্পন্ন হয়। ৫ অক্টোবর রবিবার নবমী দশমী, সিঁদুর খেলা এবং ধনুচি নাচের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। প্রত্যেকটি পর্বে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

তিন দিনের এ আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল নতুন প্রজন্মের শিশুদের বিশেষ আকর্ষণ। পুরস্কার বিতরণ শেষে বাচ্চাদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। এক অভিভাবক বলেন, “এমন আয়োজন বাচ্চাদের উৎসাহ দেয়। পূজা কেবল বড়দের নয়, সবার জন্য একসাথে উপভোগের উৎসব।”

গীতি আলেখ্যে মুগ্ধ দর্শক

স্থানীয় শিল্পী এবং কলাকুশীলবৃন্দ, পরিবেশনায় মুগ্ধ দর্শক।

শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালগ্রেভের এম.পি. ইডেন ফস্টার, যিনি নিজের অভিবাসী ঐতিহ্যের সাথে তার নিজের সংযোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুর্গাপূজা তাঁর কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রদায়ের শক্তির প্রতীক। ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, তাঁর মা কলকাতার বাসিন্দা, যা তাঁকে বাঙালি সংস্কৃতির সঙ্গে এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রেখেছে। যদিও তিনি বাংলা ভাষা বলতে পারেন না, তবুও তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে বাঙালি সমাজের মূল্যবোধ, ঐতিহ্য এবং অবদানের স্বীকৃতি জানান।

শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বের উদ্বোধন করেন এমপি ইডেন ফস্টার।

ইডেন ফস্টার বলেন, “এই সম্প্রদায়ের আতিথেয়তা, ঐক্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।”

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল গীতি আলেখ্য, যা দর্শকদের দীর্ঘ সময় ধরে মুগ্ধ করে রেখেছিল। সাংস্কৃতিক পর্বে এমন একটি গীতি আলেখ্য দর্শকদের উপহার দিতে মেলবোর্নের স্থানীয় শিল্পী এবং কলাকুশীলবৃন্দ দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। অনুষ্ঠান শেষে অনেক দর্শকই বলছিলেন, “এমন পরিবেশনা বহুদিন পর দেখলাম। মনে হচ্ছিল যেন ঢাকায় বা কলকাতার পূজামণ্ডপে বসে সংস্কৃতিক পর্ব উপভোগ করেছি।”

সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে কমিউনিটি সেন্টারটি ছিল কানায় কানায় পূর্ণ। দর্শক সারির একেবারে প্রথম দিকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করছিলেন বাংলাদেশের স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব বৃন্দাবন দাস এবং তার পরিবার। রাত পর্যন্ত চলতে থাকা এই উৎসবে ঢাকের বাদ্য, ধূপধুনোর ঘ্রাণ আর ভক্তদের হাসিমুখ যেন এক টুকরো বাংলাদেশকে ফিরিয়ে এনেছিল মেলবোর্নের মাটিতে। 

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ হাইকমিশনার

এর আগে দুপুরের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার জনাব বোরহান উদ্দিন। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “এমন আয়োজন আগে দেখিনি। এখানে ধর্মীয় উৎসবের পাশাপাশি সৌহার্দ্য ও আতিথেয়তার অসাধারণ মেলবন্ধন ঘটেছে। আমি সত্যিই মুগ্ধ।” 

বিপিসিএসভি (BPCSV)- কার্যকরী কমিটির এর সাধারণ সম্পাদক পীযূষ দত্ত তার ভাষণে ঘোষণা দেন, বাংলাদেশ কমিউনিটি হাব নির্মাণের বৃহৎ প্রকল্পে আর্থিক সহায়তা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “কোন সদস্য যদি LoanzHub-এর মাধ্যমে  হোম লোন করেন, তাহলে  প্রত্যেকের পক্ষ থেকে এই প্রজেক্টে তিনি পাঁচশত ডলার ডোনেট করবেন। এর পাশাপাশি এক বছরের জন্য সদস্যপদ সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হবে।” তিনি আরও যোগ করেন,
“শেষ দুই দিনে প্রায় আড়াই হাজার মানুষ মণ্ডপে উপস্থিত ছিলেন, যা আমাদের কমিউনিটির ঐক্য, ভালোবাসা ও উৎসবপ্রেমের এক অনন্য প্রমাণ।”

উৎসবে বহু ধর্ম ও সংস্কৃতির মিলন

এক উৎসবে বহু ধর্ম ও সংস্কৃতির মিলন

তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের মাঝে মাঝেই  ওটিএন বাংলা কথা বলেছে পূজায় আগত বিভিন্ন ভক্তবৃন্দের সাথে।  মেলবোর্নের স্থানীয় বাসিন্দা বিপিসিএসভির একজন সক্রিয় সদস্য অনামিকা দেবী বলেন, আমাদের প্রসাদ থেকে শুরু করে অন্যান্য আয়োজনের অনেক ব্যাপকতা থাকে, মানুষ এখানে এসে অনেক আনন্দ পায় আতিথেয়তা পায়।”

একজন ভক্ত বলেন, “প্রতি বছর পূজায় আসি, কিন্তু এবারের আয়োজন যেন একেবারে অন্য রকম। বাচ্চাদের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে।”

অন্যদিকে নতুন প্রজন্মের একজন সৃষ্টি দাস বলেন, “পূজায় অনেক আনন্দ হয়, অনেক বন্ধুদের সাথে দেখা হয়, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় খুব ভালো লাগে।”

ভিক্টোরিয়ার কান্ট্রি শহর  বেন্ডিগো থেকে আগত ভক্ত শিব চক্রবর্তী বলেন, “এখানে এসে মনে হয়েছে যেন দেশের দুর্গাপূজার স্বাদ পাচ্ছি। অস্ট্রেলিয়ার নানা প্রান্ত থেকে সবাই এসে যে আনন্দ ভাগাভাগি করছে, সেটাই সবচেয়ে বড় পাওয়া।”

বিপিসিএসভি (BPCSV)-এর কার্যকরী কমিটির বর্তমান সভাপতি প্রদ্যুৎ দে তুহিন ওটিএন বাংলাকে বলেন, “আমাদের লক্ষ্য কেবল পূজা আয়োজন নয়, বরং প্রবাসের মাটিতেও বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখা। আগামী দিনে আমাদের স্বপ্ন একটি বাংলাদেশি কমিউনিটি হল নির্মাণের, যা সকলের মিলনস্থল হয়ে উঠবে সেই লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা ধীরে ধীরে এগিয়ে চলছে।”

হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও মুসলিম, খ্রিস্টানসহ নানা ধর্মের মানুষ এই মহোৎসবে যোগ দেন, যা দুর্গাপূজাকে সত্যিকার অর্থে সার্বজনীন উৎসবে রূপ দেয়। এবারের মেলবোর্ন দুর্গাপূজা তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রবাসী বাঙালির ঐক্য, সৌহার্দ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক।

এই শাখার আরও খবর

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

জ্বালানি ব্যয়ের চাপে পিডিবি, বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au