মেলবোর্ন, ২৮ নভেম্বর- দেশজুড়ে সাত দিনের বিশেষ অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার আইএসপিআর জানায়, ২০ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাজধানীসহ বিভিন্ন জেলায় এই অভিযান পরিচালিত হয়।
আইএসপিআর জানায়, অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং চোরাকারবারিসহ মোট ৪৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২৫টি ককটেল, ১৬টি পেট্রোলবোমা, দেশি বিদেশি মাদকদ্রব্য এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, দেশের সামগ্রিক জননিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।