বাংলাদেশ

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, পুড়ে মরল ৭ বছরের শিশু

  • 5:58 am - December 21, 2025
  • পঠিত হয়েছে:১৪ বার
তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, আগুনে পুড়লো ৭ বছরের শিশু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় তালা লাগিয়ে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা গেছে সাত বছরের শিশু আয়শা আক্তার। গভীর রাতে পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও স্থানীয়রা। নিহত আয়শা স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের ছোট মেয়ে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ঘরের ভেতর আগুন ও ধোঁয়ার তীব্রতায় ঘুম ভেঙে যায় বেলাল হোসেনের স্ত্রী নাজমা বেগমের। চোখ খুলতেই তিনি দেখতে পান, ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের মধ্যেই আটকে পড়ে ছোট মেয়ে আয়শা। আগুনে ঘেরা ঘরের ভেতর দাঁড়িয়ে শিশুটি বারবার চিৎকার করে বলছিল, ‘আব্বু, আমাকে নাও, আমাকে নাও।’ কিন্তু আগুন আর ধোঁয়ার তীব্রতায় মেয়ের কাছে পৌঁছানো সম্ভব হয়নি কারও পক্ষে।

ঘটনার সময় বেলাল হোসেন, তাঁর স্ত্রী ও তিন মেয়ে ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। ঘরের দুই দরজায় বাইরে থেকে তালা লাগানো থাকায় স্বাভাবিকভাবে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। বেলাল হোসেন টিনের বেড়া ফাঁক করে স্ত্রী ও দুই মেয়েকে কোনোমতে বের করতে সক্ষম হন। কিন্তু ছোট মেয়ে আয়শা আগুনের ভেতর আটকে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে ঘরে ঢোকার সব পথ বন্ধ হয়ে যায়।

পোড়া ঘরের সামনে বসে বিলাপ করতে দেখা যায় নাজমা বেগমকে। চোখের জল শুকিয়ে গেলেও তাঁর আহাজারি থামেনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আগুন লাগার পর বড় মেয়ে আর মেজ মেয়েকে টিনের ফাঁক দিয়ে বের করা গেলেও ছোট মেয়েটাকে আর বাঁচানো যায়নি। মেয়ের চিৎকার কানে বাজতে থাকলেও কিছুই করার ছিল না। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীয়রা জানান, রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। দাহ্য পদার্থ ব্যবহার করায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবেশী আবদুল কাদের বলেন, এমন নৃশংস ঘটনা এই এলাকায় আগে কখনও ঘটেনি। আগুন লাগার খবর পেয়ে লোকজন ছুটে এলেও আগুন এতটাই ভয়াবহ ছিল যে কেউ কাছে যেতে পারেনি।

বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। তিনি সুতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন। তিনি দাবি করেন, এটি পরিকল্পিত নাশকতা। তাঁর ভাষায়, ঘরের দরজায় তালা দিয়ে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে তাঁর সাত বছরের মেয়ে আয়শা ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। গুরুতর দগ্ধ হয় তাঁর দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন নিজেও দগ্ধ হয়েছেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলাল হোসেন বলেন, ঘরের দুই দরজাই তালাবদ্ধ ছিল। বাধ্য হয়ে তিনি টিনের বেড়া ভেঙে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বের হন। ছোট মেয়েকে উদ্ধারের চেষ্টা করলেও আগুন ও ধোঁয়ার কারণে কিছুই দেখতে পাচ্ছিলেন না। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আর ভেতরে ঢোকা সম্ভব হয়নি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটি সরাসরি সন্ত্রাসী হামলা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এটি পরিকল্পিত কি না, সে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আগুন লাগানোর পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে আয়শা আক্তারের দাফন সম্পন্ন হয়। সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে জানাজা ও দাফনে অংশ নেন বেলাল হোসেন। শোকার্ত এই বাবা বলেন, যারা তাঁর ঘরে আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্তত তাঁর মেয়ের হত্যার বিচার যেন নিশ্চিত হয়, সেই দাবি জানান তিনি।

 

এই শাখার আরও খবর

ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু ইরানের শীর্ষ নেতৃত্ব

মেলবোর্ন, ১৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক এক হামলায় ইরানের…

 অভিনেতা শামস সুমনের মৃত্যু, নাট্যাঙ্গনে শোকের ছায়া

মেলবোর্ন, ১৮ মার্চ- দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ শামস সুমন আর নেই। বিশিষ্ট এই অভিনেতা ও রেডিও ভূমি-র স্টেশন চিফের মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)…

অস্ট্রেলিয়ায় ওয়ান নেশনের উত্থান, বড় দলগুলোর প্রতি আস্থা কমছে কেন

মেলবোর্ন, ১৭ মার্চ- অস্ট্রেলিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক জনমত জরিপ। ‘রিজলভ’ জরিপের সর্বশেষ ফলাফলে দেখা গেছে, দেশটির দুই প্রধান রাজনৈতিক দল—লেবার…

চীনকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১৭ মার্চ- নারীদের এশিয়ান কাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে চীনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কেটলিন…

ভিক্টোরিয়া পার্লামেন্টে বাংলাদেশি প্রতিনিধি দল

মেলবোর্ন, ১৭ মার্চ:  অস্ট্রেলিয়ার গণতান্ত্রিক কাঠামো ও আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশি কমিউনিটির একটি প্রতিনিধি দল আজ ভিক্টোরিয়ার ঐতিহাসিক পার্লামেন্ট হাউস পরিদর্শন…

আরিচা ঘাটে শতবর্ষের ঐতিহ্যের মহা বারুণী স্নান, পূণ্যার্থীদের ঢল

 মেলবোর্ন, ১৭ মার্চ- মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে মঙ্গলবার (১৭ মার্চ) হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী মহা বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। ভোরের প্রথম আলো থেকে ঘাট এলাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au