বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত অন্তত ৯

  • 5:13 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত অন্তত ৯। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি টাউনশিপে ট্যাভার্নে সশস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার এক বিবৃতিতে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার ভোর প্রায় ১টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকার্সডাল টাউনশিপের একটি লাইসেন্সপ্রাপ্ত ট্যাভার্নে এ হামলা চালানো হয়। হামলার পরপরই জড়িতদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, সাদা রঙের একটি কম্বি এবং একটি রুপালি সেডান গাড়িতে করে আসা আনুমানিক ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি ট্যাভার্নে থাকা লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর তারা পালিয়ে যাওয়ার সময়ও নির্বিচারে গুলি ছুড়তে থাকে।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসি জানায়, হামলাকারীরা শুধু ট্যাভার্নের ভেতরেই নয়, আশপাশের রাস্তায় থাকা লোকজনের দিকেও গুলি চালায়। গাউতেং প্রদেশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ফ্রেড কেকানা জানান, ঘটনার তদন্তে জাতীয় অপরাধ ব্যবস্থাপনা দল, প্রাদেশিক ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম, স্থানীয় ক্রিমিনাল রেকর্ড সেন্টার, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এবং ক্রাইম ইন্টেলিজেন্স টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, এখনও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।

কেকানা আরও জানান, নিহতদের মধ্যে একজন রাইড শেয়ারিং সেবার চালক ছিলেন, যিনি হামলার সময় ট্যাভার্নের বাইরে অবস্থান করছিলেন। তবে এই হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রথমদিকে কিছু গণমাধ্যমে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও পরে তা সংশোধন করে নয় জন করা হয়। পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে রাজধানী প্রিটোরিয়ার কাছে সলসভিল টাউনশিপের একটি হোস্টেলে অবস্থিত অবৈধ ট্যাভার্নে বন্দুক হামলায় তিন বছরের এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছিলেন।

উচ্চমাত্রার সহিংসতার জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকায় এ ধরনের বন্দুক হামলা প্রায়ই ঘটে। দেশটিতে অপরাধী চক্রের তৎপরতা এবং অনানুষ্ঠানিক ব্যবসার মধ্যে প্রতিযোগিতাকে এসব সহিংসতার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

পুলিশ জানায়, রোববার ভোরের এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে প্রায় এক ডজন ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের কাছে যেকোনো তথ্য থাকলে তা পুলিশের সঙ্গে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ হত্যার হার থাকা দেশগুলোর একটি দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালের পুলিশ অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে হত্যাকাণ্ড ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই তথ্যে বলা হয়, দেশটিতে গড়ে প্রতি ২০ মিনিটে একজন করে মানুষ নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au