সর্বশেষ

আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে রাবিতে তিন অনুষদের কার্যালয়ে তালা

  • 8:13 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:২৪৪ বার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে তিনটি অনুষদের ডিন কার্যালয়ে তালা লাগিয়েছেন রাকসু প্রতিনিধিরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে তিনটি অনুষদের ডিন কার্যালয়ে তালা লাগিয়েছেন রাকসু প্রতিনিধিরা। রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস অফিসে প্রবেশ করে বিক্ষোভরত শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন কার্যালয়ে তালা দেন।

তালা দেওয়া অনুষদগুলোর ডিন হলেন আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম এক্রাম উল্লাহ। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সিনেট ছাত্র প্রতিনিধি আকিল বিন তালেব বলেন, অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি দাবি করেন, সম্প্রতি ঢাকায় গণঅভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, যা অভ্যুত্থানের পক্ষের শক্তির জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, জুলাইয়ের এক বছর পরও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামীপন্থিদের রাখা হয়েছে। সিনেট কার্যকর না থাকায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সেখানে ছয়জন আওয়ামীপন্থি ডিন রয়েছেন। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলে তিনি বলেন, ক্যাম্পাসে আওয়ামীপন্থি কোনো শিক্ষককে তারা দেখতে চান না এবং যারা আওয়ামী পুনর্বাসনের সঙ্গে যুক্ত তাদেরও পদত্যাগ করতে হবে।

এদিকে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, আওয়ামীপন্থি ডিনদের দপ্তরগুলো তালাবদ্ধ রাখা হয়েছে এবং বিচার না হওয়া পর্যন্ত সেগুলো তালাবদ্ধ রাখার পক্ষে তিনি। একই সঙ্গে তিনি জুলাইয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের একটি তালিকা তৈরির কথা জানান এবং অন্যান্য ছাত্রসংগঠনের কাছেও তালিকা আহ্বান করেন।

পদত্যাগ প্রসঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম এক্রাম উল্লাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি ডিন হিসেবে দায়িত্বে থাকতে চান না। তিনি উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন এবং উপাচার্য যে সিদ্ধান্ত নেবেন সেটিই চূড়ান্ত হবে বলে জানান।

কর্মসূচিতে সিনেট ছাত্র প্রতিনিধি, রাকসু প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, ডিন ও সিন্ডিকেটসহ বিভিন্ন পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২টি অনুষদের মধ্যে আওয়ামীপন্থি হলুদ প্যানেল থেকে ছয়জন ডিন নির্বাচিত হন। তাদের মেয়াদ গত ১৭ ডিসেম্বর শেষ হলেও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব বহাল রাখার নির্দেশ দেন।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au