‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা
মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…
মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- দীর্ঘ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজারের বেশি প্রধান শিক্ষক গেজেটেড কর্মকর্তার মর্যাদা পেলেন। তাঁদের বেতন গ্রেড ১১তম থেকে এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে, যা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার সমতুল্য। নতুন গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে, সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হলো দেশের প্রাথমিক শিক্ষার নেতৃত্বে থাকা শিক্ষক সমাজের একটি বড় অংশের।
এর আগে প্রধান শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন পেতেন। সে অনুযায়ী তাঁদের মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে, যা সর্বোচ্চ ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে বেতন কাঠামোর পাশাপাশি তাঁদের প্রশাসনিক মর্যাদাও পরিবর্তিত হলো।
মন্ত্রণালয় সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির পর অর্থ বিভাগ ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করতে সম্মতিজ্ঞাপন জারি করে। পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পাওয়া যায়। সব ধাপ শেষ করে ১৫ ডিসেম্বর প্রজ্ঞাপনে সই করা হলেও তা আজ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার নির্দেশ থাকলেও বিষয়টি দীর্ঘদিন ধরে বাস্তবায়িত হয়নি। আইনি জটিলতা কাটিয়ে গত ২৮ অক্টোবর রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করা হয়। একই সঙ্গে দেশের সব প্রধান শিক্ষকের জন্য এই সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়, যার চূড়ান্ত বাস্তবায়ন হলো এবার।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে রয়েছেন, যেখানে তাঁদের শুরুর মূল বেতন ১১ হাজার টাকা। সহকারী শিক্ষকরা বেতন গ্রেড ১১তম করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
সরকারি সূত্র জানায়, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au