মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনায় পুলিশ প্রথমে জানিয়েছিল নিহতের সংখ্যা ৮ জন। কিন্তু পরে সেই সংখ্যা সংশোধন করে পুলিশ বলছে, ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের ওই দুর্ঘনার খবর জানা যায় শুক্রবার সকালে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ।
ঘটনার পর শুক্রবার সকালে সদরঘাট নৌ থানার ইনচার্য সোহাগ রানা সাংবাদিকদের বলেছিলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় ৮ জনের লাশ পাওয়া গেছে।
তবে দুপুরে তিনি আবার সাংবাদিকদের বলেন, নিহতের সংখ্যা ৪ জন। কারণ ৮ জনের মরদেহ পাওয়া গেছে।
নৌ-পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে জাকির সম্রাট–৩ ও অ্যাডভেঞ্চার–৯ নামে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, রাতের ঘন কুয়াশার কারণে নদীতে দৃশ্যমানতা কমে যাওয়ায় লঞ্চ দুটি একে অপরকে সময়মতো শনাক্ত করতে পারেনি। এর ফলেই সংঘর্ষ ঘটে।