আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…
মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার ভেতরে সহকর্মীর শটগানের গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪২) নামে এক আনসার সদস্য রহস্যজনকভাবে নিহত হয়েছেন। ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। দুজনই ওই কারখানায় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই ভালুকাতেই গত ১৮ ডিসেম্বর রাতে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দীপু দাসকে (২৮) ‘ধর্ম অবমাননার’ কথিত অভিযোগ তুলে প্রথমে গণপিটুনি দেওয়া হয়। পরে বিবস্ত্র করে রাস্তার পাশের একটি গাছে গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখার পর পুড়িয়ে হত্যা করে ’তৌহিদী জনতা’। যদিও পরে তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ধর্ম অবমাননার কোনো প্রমাণ পায়নি তারা।
পুলিশ জানায়, কারখানায় মোট ২০ জন আনসার সদস্য কর্মরত ছিলেন। ঘটনার সময় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একই কক্ষে পাশাপাশি বসে ছিলেন। কথাবার্তার এক পর্যায়ে দুষ্টুমির ছলে নোমান মিয়া নিজের হাতে থাকা শটগান তাক করে বজেন্দ্র বিশ্বাসকে উদ্দেশ করে বলেন, ‘দাদা গুলি করে দেই?’ এর পরই অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। গুলিটি বজেন্দ্র বিশ্বাসের বাম উরুতে বিদ্ধ হয়।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে পুলিশের এমন বক্তব্য মানতে নারাজ বজেন্দ্র বিশ্বাসের পরিবার। তারা বলছে, এমন কিছু হয়েছিল, যা পুলিশ লুকাতে চাইছে। তারা এই ঘটনার সঠিক তদন্ত ও ন্যায বিচার চান।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত নোমান মিয়াকে আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত সরকারি শটগানটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনায় কারখানায় কর্মরত আনসার সদস্যদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়িত্বে অবহেলার দিকটিও খতিয়ে দেখা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au