সর্বশেষ

নববর্ষের রাতে অবৈধ আতশবাজিতে অস্ট্রেলিয়াজুড়ে বেড়েছে আহত ও গ্রেপ্তার

  • 7:58 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:২৬২ বার
সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, ক্যানবেরা, হোবার্ট, অ্যাডিলেড, পার্থ ও ডারউইনসহ বড় শহরগুলোতে আতশবাজি ও নানা আয়োজনের মধ্য দিয়ে বছরটি বরণ করা হয়। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১ জানুয়ারি- অস্ট্রেলিয়ায় নববর্ষ উদযাপন মোটের ওপর শান্তিপূর্ণ হলেও বিভিন্ন স্থানে অবৈধ আতশবাজি ফোটানোর ঘটনায় দুই শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সিডনিতে দুই কিশোরীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং মেলবোর্নে এক ব্যক্তি গুরুতর মুখের আঘাতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ভিক্টোরিয়া রাজ্যের কয়েকটি এলাকায় নববর্ষের রাতে অ্যাম্বুলেন্সে জরুরি কল আগের বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার রাতে নতুন বছরকে স্বাগত জানাতে সিডনি হারবার ও মেলবোর্নের কেন্দ্রীয় এলাকায় কয়েক লাখ মানুষ জড়ো হয়ে সরকারি আতশবাজির প্রদর্শনী উপভোগ করেন।

এর আগে ১৪ ডিসেম্বর বন্ডি বিচে ভয়াবহ হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় সিডনিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল তীব্র। ওই ঘটনার পর রাজ্য সংসদ নতুন আগ্নেয়াস্ত্র আইন ও বিক্ষোভবিরোধী আইন পাস করে। নববর্ষের রাতে নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার সিডনিতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দীর্ঘ নলযুক্ত অস্ত্র বহনের অনুমতি দেন।

সিডনিতে রাত ১১টায় উপস্থিত জনতা এক মিনিট নীরবতা পালন করে এবং মোবাইলের টর্চলাইট জ্বালিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় সিডনি হারবার ব্রিজে মেনোরাহর প্রতিচ্ছবি প্রজেক্ট করা হয় এবং সেখানে শান্তি ও ঐক্যের বার্তা ভেসে ওঠে।

মেট্রোপলিটন সিডনি এলাকায় নববর্ষের রাতে আড়াই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ জানায়, রাতটি মূলত ঘটনাবিহীন ছিল, যদিও হামলা, বিশৃঙ্খলা, পুলিশে হামলা ও আপত্তিকর আচরণসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সহকারী কমিশনার পিটার ম্যাকেনা বলেন, বেশিরভাগ মানুষ দায়িত্বশীল আচরণ করেছে। তিনি জানান, কিছু লোক বেআইনি আতশবাজি ফোটানোর কারণে পুলিশকে ব্যস্ত থাকতে হয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন।

সিডনির গিলফোর্ড এলাকার ব্রাইট পার্কে রাত সাড়ে ৯টার দিকে একটি বড় জমায়েতে আতশবাজি ফোটানোর খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে যায়। সেখানে ১২ ও ১৪ বছর বয়সী দুই কিশোরী আহত হয়। তাদের আঘাত প্রাণঘাতী না হলেও চিকিৎসার জন্য ওয়েস্টমিডের শিশু হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে আরও একজন পুরুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আতশবাজি ছোড়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পশ্চিম অস্ট্রেলিয়ায় কালামুন্ডায় ১৯ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি শুকনো ঘাসে একটি পটকা নিক্ষেপ করেছিলেন, যা থেকে দাবানল ছড়িয়ে পড়ে। এতে অন্তত দুই হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং আগুন বসতবাড়ির কাছাকাছি পৌঁছে যায়। পুলিশ জানায়, আগুনে ২৫ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ভিক্টোরিয়া রাজ্যে আতশবাজি সংক্রান্ত ৩১৩টি ঘটনার খবর পাওয়া গেছে, যার কয়েকটি গুরুতর আহতের ঘটনায় রূপ নেয়। এর মধ্যে মিকেলহ্যামের ৩১ বছর বয়সী এক ব্যক্তি মুখে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং কোরিও এলাকার ৪৩ বছর বয়সী এক ব্যক্তি আঙুলে গুরুতর চোট পান।

নিরাপত্তার স্বার্থে নববর্ষের আগে সেন্ট কিলডা ও জিলং এলাকাকে বিশেষ নজরদারি অঞ্চল ঘোষণা করা হয়। এতে পুলিশকে তল্লাশি, গাড়ি পরীক্ষা এবং প্রয়োজন হলে কাউকে এলাকা ছাড়তে নির্দেশ দেওয়ার বাড়তি ক্ষমতা দেওয়া হয়। এর আগে মেলবোর্নের কেন্দ্রীয় ব্যবসা জেলা, ডকল্যান্ডস ও সাউথব্যাংককেও দীর্ঘমেয়াদি বিশেষ নজরদারি এলাকার আওতায় আনা হয়েছিল, যা মানবাধিকার ও আইনজীবী সংগঠনগুলো অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ বলে সমালোচনা করে।

নববর্ষের রাতে ফ্লিন্ডার্স স্ট্রিট রেলস্টেশনে তল্লাশির সময় ১৭ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে অ্যাঙ্গেল গ্রাইন্ডার, মুখোশ ও দস্তানা উদ্ধার করা হয়, যা দিয়ে চুরির চেষ্টা হতে পারে বলে পুলিশ সন্দেহ করে। তাকে অভিযুক্ত করা হয়েছে এবং পরে শিশু আদালতে হাজির করা হবে।

ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত কমান্ডার বেলিন্ডা জোন্স বলেন, অধিকাংশ মানুষ পুলিশের নির্দেশনা মেনে নিরাপদভাবে উদযাপন করেছে। রাতে ১৮ জনকে গ্রেপ্তার করা হলেও সব ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

মেলবোর্নের ট্রেজারি প্লেস এলাকার একটি ভবনের ছাদবাগানে আতশবাজির দুর্ঘটনায় আগুন লাগলেও দ্রুত তা নেভানো সম্ভব হয় এবং কেউ আহত হয়নি।

অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল তাদের অন্যতম ব্যস্ত নববর্ষের রাত। মধ্যরাত থেকে রাত ২টার মধ্যে মেলবোর্নে জরুরি ঘটনার সংখ্যা বেড়েছে প্রায় ১৫০ শতাংশ এবং জিলং ও বারউন অঞ্চলে বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। কেন্দ্রীয় মেলবোর্নে ৮০টির বেশি জরুরি ঘটনায় প্যারামেডিকরা সাড়া দেন, ৬২ জনকে চিকিৎসা দেওয়া হয় এবং ৩৩ জনকে হাসপাতালে নেওয়া হয়।

অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী জর্ডান এমেরি বলেন, এ রাতে ছুরিকাঘাত, গুরুতর হামলা ও আতশবাজিজনিত আঘাতসহ উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ বহু রোগীকে চিকিৎসা দিতে হয়েছে।

এদিকে ব্রিসবেন ও দক্ষিণ অস্ট্রেলিয়াতেও পুলিশ বিভিন্ন ঘটনায় সাড়া দিয়েছে। অ্যাডিলেডে পুলিশকে কুঠার দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ অস্ট্রেলিয়ায় মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাউন্ট গ্যাম্বিয়ারের ৩৭ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। তার রক্তে অ্যালকোহলের মাত্রা আইনি সীমার প্রায় সাত গুণ ছিল।

ব্রিসবেনে সাউথব্যাংক, হাওয়ার্ড স্মিথ ওয়ার্ফস ও কুইন্স ওয়ার্ফ এলাকায় প্রায় ৪০ হাজার মানুষ নববর্ষ উদযাপনে অংশ নেন। সেখানে মাত্র সাতটি গ্রেপ্তারের ঘটনা ঘটে।

তাসমানিয়ায় উদযাপন মোটামুটি নির্বিঘ্ন ছিল। হোবার্টে ভোর সাড়ে ৩টার দিকে এলিজাবেথ স্ট্রিট পিয়ারে পানিতে পড়ে যাওয়া এক ব্যক্তিকে জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার করে।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে ফিশউইক এলাকায় ৯০ কিলোমিটার গতিসীমার সড়কে ১৯৮ কিলোমিটার বেগে গাড়ি চালানোর অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবকের গাড়ি জব্দ করা হয় এবং তার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au