সর্বশেষ

নোরিয়েগার পর লাতিন আমেরিকায় সবচেয়ে বড় মার্কিন হস্তক্ষেপ

  • 12:03 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
নোরিয়েগার পর লাতিন আমেরিকায় সবচেয়ে বড় মার্কিন হস্তক্ষেপ

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নাটকীয় এক সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই ঘোষণার পর বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, ১৯৮৯ সালে পানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর লাতিন আমেরিকায় এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সরাসরি সামরিক হস্তক্ষেপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিশ্ববিষয়ক সাংবাদিক জো ইনউড এই অভিযানকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স রাজধানী কারাকাসের প্রাণকেন্দ্রে প্রবেশ করে কোনো বড় ধরনের স্থলযুদ্ধ ছাড়াই একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করার ঘটনা আধুনিক ইতিহাসে বিরল। তিনি বলেন, ১৯৮৯ সালে নোরিয়েগাকে গ্রেপ্তারের সঙ্গে এ ঘটনার কিছু মিল থাকলেও মাদুরোর ক্ষেত্রে অভিযানটি আরও দ্রুত ও উচ্চঝুঁকিপূর্ণ ছিল। নোরিয়েগা তখন ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় নেওয়ার পর দীর্ঘ মনস্তাত্ত্বিক চাপের মুখে আত্মসমর্পণ করেছিলেন। মাদুরোর ক্ষেত্রেও শেষ পর্যন্ত তাঁকে যুক্তরাষ্ট্রের কোনো কারাগারে পাঠানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এই অভিযানের কড়া সমালোচনা করেছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতিকে ভেঙে ফেলার শামিল। তাঁর ভাষায়, আন্তর্জাতিক আইনের কফিনে এটি শেষ পেরেক হতে পারে। তিনি সতর্ক করে বলেন, ইরাকে সরকার পরিবর্তনের চেষ্টা যেমন দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে এনেছে, ভেনেজুয়েলার ঘটনাও তেমনি নতুন অস্থিতিশীলতার পথ খুলে দিতে পারে। তাঁর মতে, এই ঘটনা চীনকে তাইওয়ান প্রশ্নে আরও আক্রমণাত্মক অবস্থান নিতে উৎসাহিত করতে পারে।

ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্র পরিচালনার অভিযোগ করে আসছে, যদিও মাদুরো এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্র ২০২৪ সালের ভেনেজুয়েলার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি দাবি করে তাঁকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে, ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, বিশ্বের বৃহত্তম তেল মজুদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই যুক্তরাষ্ট্র এই সামরিক পদক্ষেপ নিয়েছে।

বিবিসির দক্ষিণ আমেরিকা সংবাদদাতা ইয়ান ওয়েলস জানান, মাদুরোর অপসারণকে ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থিরা বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখলেও বাস্তব পরিস্থিতি অত্যন্ত জটিল। মার্কিন হস্তক্ষেপের সমর্থকরা আশা করছেন, নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো বা ২০২৪ সালের বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে পারে। তবে বাস্তবে ভেনেজুয়েলার সামরিক ও আধাসামরিক বাহিনী এখনো মাদুরোর প্রতি অনুগত রয়েছে। সমালোচকদের আশঙ্কা, এই হস্তক্ষেপ দেশটিকে দীর্ঘমেয়াদে বিশৃঙ্খলা ও সহিংসতার দিকে ঠেলে দিতে পারে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় হতাহতদের তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তিনি বলেন, কারাকাসের একাধিক এলাকায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে চালানো হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। তাঁর ভাষায়, ভেনেজুয়েলার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি দেশটি প্রতিরোধ করবে।

শনিবার মধ্যরাতে কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে। কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া ও লা গাইরা প্রদেশে হামলার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানীতে যুক্তরাষ্ট্রই হামলা চালাচ্ছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার বলেছে, এই ধরনের সামরিক আগ্রাসন ও তথাকথিত ঔপনিবেশিক যুদ্ধ বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা, রয়টার্স

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au