সর্বশেষ

৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

  • 7:34 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত। প্রতীকী ছবি

মেলবোর্ন, ৭ জানুয়ারি- বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে অন্তত ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই ভাইরাসে মৃত্যুর ঘটনাও উদ্বেগজনক হারে দেখা যাচ্ছে। গত বছর ২০২৫ সালে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়। তাঁদের সবার শরীরেই পরীক্ষার মাধ্যমে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়। এর আগে ২০২৪ সালে নিপাহ ভাইরাসে দেশে মোট পাঁচজন আক্রান্ত হন এবং সবাই মারা যান।

বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের মিলনায়তনে ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ শীর্ষক এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন।

সভায় আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, বাংলাদেশে প্রতিবছর শীত মৌসুমে নিপাহ ভাইরাসের সংক্রমণ বাড়ে। এটি অত্যন্ত মারাত্মক একটি ভাইরাসজনিত রোগ, যেখানে মৃত্যুহার প্রায় ৭২ শতাংশ পর্যন্ত। তিনি জানান, দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হলো কাঁচা খেজুরের রস পান করা। পাশাপাশি প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই বাস্তবতা যে, নিপাহ ভাইরাসের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের সহযোগী বিজ্ঞানী এবং নিপাহ ভাইরাস জরিপ সমন্বয়কারী ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার সভায় জানান, দেশের ৩৫টি জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট জেলায় সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। তিনি বলেন, এসব ঝুঁকিপূর্ণ জেলায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বক্তারা নিপাহ ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার গুরুত্বের ওপর জোর দেন। তাঁদের মতে, এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা খেজুরের রস পান না করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার বিষয়ে জনমত গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতি বছরের মতো এবারও সেই উদ্দেশ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞরা বলেন, নিপাহ ভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলা। কাঁচা খেজুরের রস পান না করা, আংশিক খাওয়া বা পোকায় কাটা ফল না খাওয়া এবং ফলমূল ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।

এই শাখার আরও খবর

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au