সর্বশেষ

হাই কোর্ট মাজারের বার্ষিক ওরশে পুলিশের বাধা, ক্ষুব্ধ ভক্তরা

  • 4:58 am - January 10, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
হাই কোর্ট মাজারের বার্ষিক ওরশে পুলিশের বাধা, ক্ষুব্ধ ভক্তরা

মেলবোর্ন, ১০ জানুয়ারি- ঢাকার হাই কোর্ট সংলগ্ন শাহ খাজা শরফুদ্দিন চিশতীর মাজারে বার্ষিক ওরশকে কেন্দ্র করে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা থেকে ভক্ত ও অনুসারীরা অভিযোগ করছেন, নির্ধারিত কর্মসূচি চলাকালেই পুলিশ তাদের মাজার প্রাঙ্গণ ও মূল স্থাপনার ভেতরে প্রবেশে বাধা দেয়।

ভক্তদের ভাষ্য অনুযায়ী, রাজধানীর ঐতিহ্যবাহী এই মাজারে শুক্রবার থেকে তিন দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু হওয়ার কথা ছিল। সে উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত, পাগল ও অনুসারীরা সন্ধ্যার পর মাজার প্রাঙ্গণে জড়ো হন। তবে সন্ধ্যার দিকে পুলিশ তাদের মাজারের ভেতর থেকে বের করে দেয় এবং পুনরায় প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ করেন তারা।

ভক্তদের আরও অভিযোগ, সন্ধ্যার সময় অনেকেই নিয়ম অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে চলে যেতে চাইলেও সেটিও করতে দেওয়া হয়নি। এতে মাজারে উপস্থিত ভক্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মহাথেরো মোহাম্মদ নামের এক ভক্ত সন্ধ্যার পর মাজার প্রাঙ্গণ থেকে কয়েকটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। ভিডিওতে দেখা যায়, একাধিক ভক্ত ও অনুসারী মাজারের ভেতরে ঢুকতে না পারার অভিযোগ জানাচ্ছেন। এ সময় অনেকে সরকারের প্রতি উষ্মা ও ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, মাজারে বাৎসরিক একটি কর্মসূচি ছিল। দুপুরের দিকে তবারক বিতরণ করা হয়েছে। সন্ধ্যার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা থাকলেও কিছু লোক সেখানে অবস্থান করছিল, যা নিরাপত্তাজনিত কারণে অনুমোদিত নয়।

তিনি আরও বলেন, হাই কোর্ট প্রাঙ্গণে অবস্থিত এই মাজারে বিভিন্ন সময় ভক্ত, অনুসারী ও পাগল ছাড়াও গাঁজাসেবীরাও সমবেত হন। সুপ্রিম কোর্ট একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় বিচারপতিদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর সেখানে অনাকাঙ্ক্ষিত কাউকে ঢুকতে না দেওয়ার নির্দেশনা রয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সেই নির্দেশনাই পালন করছে।

রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই ওরশ শেষ হয়েছে। এরপরও কিছু পাগল ও ভিক্ষুক সেখানে থেকে গিয়েছিলেন। ঢুকতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিছুক্ষণ আগে খবর পেয়েছি খাবার না পাওয়ার অভিযোগে কয়েকজন চিৎকার করছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভক্তরা বলছেন, বিগত বছরগুলোতে এই মাজারে তিন দিনব্যাপী দিনরাত ওরশের নানা কর্মসূচি পালিত হয়ে আসছে। সেখানে ভক্তিমূলক সংগীতসহ নানা আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর হঠাৎ করে সন্ধ্যার পর কর্মসূচিতে বাধা দেওয়ায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ।

ঢাকার স্থাপত্যবিষয়ক গবেষক ও সাংবাদিক তরুণ সরকার বলেন, ভক্তদের বিশ্বাস অনুযায়ী শাহ খাজা শরফুদ্দিন চিশতী এই মাজারে সমাহিত। প্রচলিত ধারণা রয়েছে, মোঘল সম্রাট আকবরের আমলে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন। তার জীবন সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য খুব বেশি পাওয়া না গেলেও শতাধিক বছরের বেশি সময় ধরে ভক্তরা এই মাজার আগলে রেখেছেন, যার ঐতিহাসিক প্রমাণ রয়েছে।

তিনি আরও জানান, হাই কোর্টের এই মাজার প্রাঙ্গণে এখনো মোঘল আমলের একটি চৌচালা স্থাপত্য নিদর্শন টিকে আছে, যা ঢাকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রচলিত ইতিহাস অনুযায়ী, মোঘল সুবেদার ইসলাম খাঁ ১৬১৩ সালে ঢাকা থেকে প্রায় ২৫ মাইল উত্তরে ভাওয়ালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করলে প্রথমে তাকে এই এলাকাতেই সমাহিত করা হয়েছিল। পরে তার দেহাবশেষ ফতেহপুর সিক্রিতে নিয়ে যাওয়া হয় এবং তার দাদা শেখ সেলিম চিশতির পাশে সমাহিত করা হয়।

ঢাকায় মোঘল শাসন প্রতিষ্ঠার পর এই এলাকা অভিজাতদের আবাসস্থলে পরিণত হয় এবং ‘বাগে বাদশাহী’ নামে পরিচিতি লাভ করে। ঐতিহাসিক গুরুত্ব ও ধর্মীয় আবেগে ঘেরা এই মাজারে ওরশ ঘিরে পুলিশের বাধার অভিযোগ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au