বাংলাদেশ

চট্টগ্রামে শিবিরকর্মীকে গুলি করে হত্যাসহ একদিনে সারাদেশে ছয় হত্যাকাণ্ড

  • 4:59 am - January 11, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
হত্যা। প্রতীকী ছবি

মেলবোর্ন, ১১ জানুয়ারি- চট্টগ্রামের ফটিকছড়িতে শিবিরকর্মী খুনসহ একদিনে সারাদেশে ছয় হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। পৃথক এসব ঘটনায় গুলিতে শিবিরকর্মী নিহত হয়েছেন, চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেছে এক যুবকের, পারিবারিক ও স্থানীয় বিরোধে নিহত হয়েছেন আরও তিনজন। এ ছাড়া রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ঢাকার বনশ্রী এলাকায় দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডটি ঘটে শনিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে। দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের পাশে ‘প্রীতম ভিলা’ নামের একটি ভাড়া বাসায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী ছিল। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, লিলির বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈন গ্রামে। তার বাবা সজীব মিয়া। পরিবারের সদস্যরা কর্মসূত্রে বনশ্রীতে ভাড়া বাসায় থাকতেন। জমিজমা সংক্রান্ত কাজে লিলির বাবা-মা বুধবার গ্রামের বাড়িতে যান। ওই সময় বাসায় ছিলেন লিলি ও তার বড় বোন শোভা। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের আলামত সংগ্রহ করে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গুলিতে নিহত হয়েছেন ছাত্রশিবিরের কর্মী জামাল উদ্দিন। শনিবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, কয়েকজন বহিরাগত সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। থানা জামায়াতের আমির নাজিমউদ্দিন জানিয়েছেন, জামাল উদ্দিন শিবিরের কর্মী ছিলেন। ফটিকছড়ি থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর ফারাজিপাড়া এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ওই যুবক চুরি করতে এলাকায় প্রবেশ করেছেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে লোকজন তাকে আটক করে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বরগুনার আমতলী উপজেলার তক্তাবুনিয়া গ্রামে পারিবারিক বিরোধ থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জহিরুল ইসলাম (৪০)। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুই ভাইয়ের ঝগড়া থামাতে গেলে জহিরুল ইসলাম হামলার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অভিযুক্ত মো. মুনসুর সিকদারকে ছুরিসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মণ্ডলভোগ গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মো. বজলুর রহমানের বয়স ৬০ বছর। কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীরেরখীল এলাকায় প্রতিপক্ষের হামলায় দিনমজুর শামসুল আলম (৫৮) নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। নিহত শামসুল আলম মৃত ইছু মিয়ার ছেলে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে।

একদিনে দেশের বিভিন্ন স্থানে এসব হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই পুলিশ জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান চালাচ্ছে।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au