বাংলাদেশ

এক বাসায় বিপুল পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, তদন্ত চায় বিএনপি

  • 5:33 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার

মেলবোর্ন ১৪ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পোস্টাল ব্যালট ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একটি বাসার ভেতরে একাধিক ব্যক্তি বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট গুনছেন, এমন দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

ভাইরাল হওয়া প্রধান ভিডিওটি ৭ মিনিট ৩২ সেকেন্ডের। এতে দেখা যায়, একটি বাসায় কয়েকজন ব্যক্তি একের পর এক পোস্টাল ব্যালট গুনছেন। ব্যালটগুলোর খামে বাহরাইনের ঠিকানা লেখা রয়েছে। ভিডিওতে উপস্থিত কয়েকজনকে ভিডিও ধারণে বাধা দিতে শোনা যায়। একপর্যায়ে একজন বলেন, ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে এবং এতে ‘ভাবমূর্তির ক্ষতি’ হবে।

ভিডিওতে আরও শোনা যায়, কেউ কেউ বলছেন, এসব ব্যালট তাদের কাছে দিয়ে যাওয়া হয়েছে এবং তারা এগুলো আর রাখতে চান না। কথোপকথনে ব্যালটগুলোর উৎস ও ব্যবস্থাপনা নিয়ে অস্পষ্টতা আরও ঘনীভূত হয়।

এর পাশাপাশি ২৭ সেকেন্ডের আরেকটি ভিডিও ছড়িয়েছে, যেখানে একইভাবে অনেকগুলো পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে একজন দাবি করেছেন, এটি ওমানে জামায়াতে ইসলামীর এক ব্যক্তির বাসার। অন্যদিকে দীর্ঘ ভিডিওটিও বাহরাইনে জামায়াতের একজনের বাসার বলে কেউ কেউ দাবি করছেন। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

ফ্যাক্ট চেক করে দেখা গেছে, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়।

ভিডিওতে চট্টগ্রাম–৩ আসনের নাম উল্লেখ থাকতে শোনা যায়। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি তারা রাতে জানতে পেরেছেন। এটি দেশের বাইরে ধারণ করা হলেও কোন দেশে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট ‘হ্যান্ডেল’ করছেন বলে ভিডিওতে দেখা গেছে। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিষয়টি নজরে এনেছে এবং বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে। কমিশন আরও তদন্ত করে প্রতিবেদন দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ভোট কারচুপির চেষ্টা করলে তার জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা ব্লক করা হতে পারে। বিএনপির দাবি, যারা নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে এমন কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দীদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা চালু ছিল।

নতুন করে চালু হওয়া ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’ ব্যবস্থার জন্য নির্বাচনী আইন সংশোধন করা হয়। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন শেষ হয় ৫ জানুয়ারি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনে মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৬০ হাজারের বেশি। বাকিদের মধ্যে প্রায় পৌনে ছয় লাখ সরকারি কর্মচারী, প্রায় ১ লাখ ৬০ হাজার নির্বাচনী কর্মকর্তা, ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য এবং ছয় হাজারের কিছু বেশি কারাবন্দী রয়েছেন।

ভাইরাল ভিডিওর ঘটনায় পোস্টাল ব্যালট ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন নির্বাচন কমিশনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলো ও সাধারণ ভোটাররা।

এই শাখার আরও খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au