বাংলাদেশ

১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার বাতিল, ভিডিওগুলো সংরক্ষণ না করার সিদ্ধান্ত

  • 5:26 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জানুয়ারি- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় ধারণ করা প্রায় ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। শর্ত পূরণ না হওয়ার যুক্তিতে এই সাক্ষাৎকারগুলো গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, এসব ভিডিও সংরক্ষণ করা হবে না এবং কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকেও কোনো বিল পরিশোধ করা হবে না।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পর্যালোচনায় দেখা গেছে এসব ভিডিওতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে উপস্থাপিত হয়নি। সাক্ষাৎকারগুলোতে নানা অসংগতি রয়েছে এবং মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা মানসম্মতভাবে উঠে আসেনি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এসব ভিডিও গেলে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিকর বা নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। সে কারণেই সাক্ষাৎকারগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু ভিডিও সাক্ষাৎকারই নয়, বিগত সরকার আমলে নেওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণসংক্রান্ত প্রায় ৫০ কোটি টাকার পুরো প্রকল্পটিও বাতিল করা হয়েছে।

এই প্রকল্পের নাম ছিল ‘বীরের কণ্ঠে বীরগাথা’। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ সালে নেওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল জীবিত বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল ৪৯ কোটি ৫৭ লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র, ৮০ হাজার ইউটিউব কনটেন্ট এবং ১৬টি ডকুমেন্টারি তৈরির কথা ছিল। প্রকল্পটি শেষ করার লক্ষ্য ছিল ২০২৪ সালের ডিসেম্বর। তবে এর পাঁচ মাস আগেই ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।

নথি অনুযায়ী, মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারভিত্তিক ভিডিও নির্মাণের দায়িত্ব পায় ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান, সংক্ষেপে এমটিআই। ২০২৩ সালের ১৬ মে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের চুক্তি হয়। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, সাক্ষাৎকার নেওয়ার সময় মুক্তিযোদ্ধাদের কাছে ১৯টি নির্দিষ্ট প্রশ্ন করতে হবে। এর মধ্যে ছিল কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কার নির্দেশে যুদ্ধে অংশ নিয়েছেন, মুক্তিযুদ্ধের নয় মাস কোথায় ছিলেন, সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন কি না, অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছিলেন কি না, আহত হয়েছিলেন কি না ইত্যাদি।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত এমটিআই মোট ২৭ হাজার ৪২৮টি ভিডিও জমা দিয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭৮৮টি ভিডিও বিগত সরকারের সময়ে জমা পড়ে এবং সেগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে জমা দেওয়া ১৪ হাজার ৬৪০টি ভিডিও বাতিল করা হয়।

প্রকল্প কর্মকর্তাদের ভাষ্য, বাতিল হওয়া ভিডিওগুলোতে চুক্তিতে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়নি। প্রকল্প পরিচালক আফরাজুর রহমান বলেন, সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে যে কাঠামো ও মান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভিডিও ধারণ বন্ধ রাখতে বলা হলেও প্রতিষ্ঠানটি তা অমান্য করে কাজ চালিয়ে যায়। এ কারণেই প্রকল্প বাতিল করা হয়েছে এবং বিল দেওয়া হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার যাচাইয়ের জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির সভাপতি করা হয় অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদকে।

কমিটির পর্যবেক্ষণে বলা হয়, অনেক ভিডিওতে নির্ধারিত প্রশ্ন কাঠামো মানা হয়নি। কোথাও ভিডিও ও শব্দের মান খুবই নিম্নমানের। মুক্তিযুদ্ধের প্রকৃত অভিজ্ঞতা ও সম্মুখযুদ্ধের বর্ণনা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। এসব ভিডিও আর্কাইভে রাখা হলে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্ত হতে পারে।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে এক সভায় মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি অসমাপ্ত রেখেই সমাপ্ত করার সিদ্ধান্ত হয়। এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠান ১৪ হাজার ৬৪০টি ভিডিও জমা দিলে সেগুলো যাচাইয়ের জন্য একটি সাবকমিটি গঠন করা হয়। এই সাবকমিটিই ভিডিওগুলো গ্রহণ না করার সুপারিশ করে।

সাবকমিটির বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ আছে, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মনোয়ার ইসলাম বলেন, ভিডিওগুলো অত্যন্ত নিম্নমানের এবং এতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ফুটে ওঠেনি। বিল পরিশোধ করলে তা সরকারি অর্থের অপচয় হবে। আরেক সদস্য বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বলেন, ভিডিওগুলোর বর্ণনা একঘেয়ে এবং সম্মুখযুদ্ধের অভিজ্ঞতা অনুপস্থিত। কমিটির সদস্য এফ আর চৌধুরীও বলেন, ভিডিওগুলো প্রকল্পের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাতিল হওয়া ১৪ হাজার ৬৪০টি ভিডিও ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে না। কারণ হিসেবে আবারও উল্লেখ করা হয়েছে, এসব ভিডিওতে মুক্তিযুদ্ধের সঠিক চিত্র প্রতিফলিত হয়নি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এমটিআইয়ের বক্তব্য ভিন্ন। প্রতিষ্ঠানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আজমল কবির রাব্বি বলেন, ভিডিও বাতিলের সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক। তার প্রশ্ন, যদি আগের ১২ হাজার ৭৮৮টি সাক্ষাৎকার মানসম্মত হয়ে থাকে, তাহলে পরের ১৪ হাজার ৬৪০টি সাক্ষাৎকার কীভাবে খারাপ হয়। তিনি এটিকে অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক সিদ্ধান্ত বলে দাবি করেন।

মন্ত্রণালয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি আরও বলেন, আগের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কাজ পরিদর্শন করেই ভিডিও গ্রহণ করেছিলেন। বর্তমান সময়ে এসে সেগুলোকে মানহীন বলা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাদের দাবি।

সূত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au