খেলা

সব দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল

  • 8:52 pm - January 15, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- ক্রিকেটারদের টানা প্রতিবাদ ও আল্টিমেটামের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বোর্ডের পক্ষ থেকে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নাজমুল ইসলামকে বোর্ড পরিচালক পদ থেকে সরানো সহজ নয়। বোর্ডের নিয়মে বলা আছে, কোনো পরিচালক মারা গেলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি পেলে, আর্থিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ করলে তবেই পরিচালকের পদ শূন্য হয়। এসব শর্তের কোনোটিই নাজমুল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে তিনি নিজে পদত্যাগ না করলে বিসিবির পক্ষে তাঁকে পরিচালক পদ থেকে সরানো সম্ভব নয়।

বিসিবির গঠনতন্ত্রে ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট আচরণবিধি থাকলেও পরিচালকদের জন্য কোনো আলাদা আচরণবিধি নেই। অন্য অনেক দেশের ক্রিকেট বোর্ডে পরিচালকদের জন্য আচরণবিধি থাকলেও বিসিবিতে তা না থাকায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পরিচালকদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।

বর্তমানে নাজমুল ইসলাম অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ছাড়া বিসিবির আর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নেই। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে তাঁকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং বোর্ডের অন্যান্য কার্যক্রম থেকেও দূরে রাখা হবে। ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে উঠে এসে নাজমুল ইসলাম এবারই প্রথম বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন।

নাজমুল ইসলামকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয় সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে তাঁর করা কিছু অসৌজন্যমূলক মন্তব্যের পর। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে উল্লেখ করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এসব বক্তব্যকে অসম্মানজনক আখ্যা দিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব কড়া অবস্থান নেয়।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন গতকাল রাতে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, নাজমুল ইসলাম বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো ধরনের খেলা খেলবেন না। এই ঘোষণার পর মিরপুরে আজ বিপিএলের দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। দিনের দ্বিতীয় ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

পরে দুপুরে বনানীর শেরাটন হোটেলে কোয়াব আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, বিকেলের মধ্যে যদি বোর্ড তাদের দাবির বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেয়, তাহলে সন্ধ্যার ম্যাচে তারা মাঠে নামবেন। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, মাঠে ফেরার জন্য তাদের একটাই শর্ত আছে। বিসিবি যদি লিখিত বা আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দেয় যে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলাম আর বোর্ডে থাকবেন না, তাহলেই তারা খেলা শুরু করবেন। অন্যথায় খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবেন না।

এরই মধ্যে অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের খবর সামনে এসেছে। ক্রিকেটারদের দাবির মুখে বোর্ড তাদের পক্ষে সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ মাঠে গড়ায় কি না, সেদিকেই নজর সবার।

এই শাখার আরও খবর

বিলি স্লেটারের উত্তরসূরি দারিয়াস বয়েড, কুইন্সল্যান্ডের নতুন স্টেট অব অরিজিন কোচ

অস্ট্রেলিয়ার স্টেট অব অরিজিনে কুইন্সল্যান্ড মারুনসের নতুন কোচ হিসেবে দারিয়াস বয়েডকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী কোচ বিলি স্লেটারের জায়গায় ৩৯ বছর বয়সী সাবেক এই তারকাকে…

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৭ অনুষ্ঠিত হবে ভারতে। আয়োজক হওয়ার দৌড়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ভারতকে বেছে নিয়েছে আন্তর্জাতিক…

‘বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ভুল ছিল’, বললেন তামিম

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ভুল ও হঠকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তাঁর মতে, পরিস্থিতি…

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই…

আর্জেন্টিনাকে বিদায় জানালেন মেসি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। বাবার মৃত্যুর এক মাসেরও কম সময়ের মধ্যে জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্তের…

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফির ইতিহাসে ৫৭ বছর ধরে টিকে থাকা সবচেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au