বাংলাদেশ

প্রথমবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জেন জি, বদলাতে পারে বাংলাদেশের রাজনীতি

  • 11:09 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
বাংলাদেশে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জেন জি। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২০ জানুয়ারি- বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছিল তরুণদের বড় একটি অংশ। ভোট দিলেও কিছু বদলাবে না, এমন বিশ্বাস থেকেই অনেকেই ভোটকেন্দ্রে যেতেন না। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই ধারণায় বড় ধাক্কা লাগে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এখন সেই প্রজন্মই আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বড় ভূমিকা রাখতে চলেছে।

ঢাকার মধ্যবিত্ত এলাকায় বড় হওয়া ২৭ বছর বয়সী রাফিউল আলম কখনোই ভোট দেওয়া জরুরি মনে করতেন না। প্রায় এক দশক আগে ভোটার হলেও তিনি ২০১৮ কিংবা ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ভোট দেননি। তার ভাষায়, তার ভোটের কোনো বাস্তব মূল্য ছিল না। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নির্বাচন নিয়ে বিরোধী দল ও পর্যবেক্ষকদের প্রশ্ন, অনাস্থাই তার রাজনৈতিক চেতনা গড়ে দেয়।

রাফিউল আলমের মতো অনেক তরুণই মনে করতেন, নির্বাচন আছে ঠিকই, কিন্তু আসলে তা কিছু নির্ধারণ করে না। তাই রাজনীতির বদলে তারা মনোযোগ দিতেন পড়াশোনা, কাজকর্ম বা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনায়। এই মানসিকতা বদলাতে শুরু করে ২০২৪ সালের জুলাইয়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একপর্যায়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নেয়। রাফিউল আলম ঢাকার মিরপুর এলাকায় মিছিলে অংশ নেন এবং আন্দোলনের বিভিন্ন কাজে যুক্ত হন।

এই আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে বহু মানুষ প্রাণ হারান। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসাবে, ওই সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হতে পারেন, যাদের বেশিরভাগই ছিলেন তরুণ। শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লে, অনেকের কাছেই মনে হয় দীর্ঘদিনের এক অটল বাস্তবতা ভেঙে গেছে। রাফিউল আলম বলেন, প্রথমবারের মতো মনে হয়েছে সাধারণ মানুষও পরিবর্তন আনতে পারে। সেই অভিজ্ঞতা তাকে ভবিষ্যতের দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করেছে। এবার তিনি জীবনে প্রথম ভোট দিতে চান।

রাফিউল একা নন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭০ লাখ। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার প্রায় ৫ কোটি ৬০ লাখ, যা মোট ভোটারের প্রায় ৪৪ শতাংশ। এই তরুণ ভোটাররাই শেখ হাসিনার পতনের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন শাখার মহাপরিচালক হুমায়ুন কবির জানান, ২০০৮ সালের নির্বাচনের পর যারা ১৮ বছরে পা রেখেছেন, তারা কেউই প্রকৃত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখেননি। অর্থাৎ গত ১৭ বছরে যারা ভোট দিতে পারেননি, তারা এখন তিরিশের কোঠায় এসে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাই তাদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহও অনেক বেশি।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেন, ২০০৮ সালের পর অনুষ্ঠিত তিনটি নির্বাচনই বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। ২০১৪ সালের নির্বাচনে বিরোধী দলগুলোর বড় অংশ বর্জন করেছিল। ২০১৮ সালের নির্বাচন পরিচিতি পায় রাতের ভোট নামে। আর ২০২৪ সালের নির্বাচনও বিরোধীদের বর্জনের মধ্যেই অনুষ্ঠিত হয়, যেখানে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ছিল না বলে সমালোচনা ওঠে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের তরুণ ভোটাররা শ্রেণি, এলাকা ও অভিজ্ঞতায় বিভক্ত হলেও একটি বিষয়ে তারা একমত। তা হলো দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থাহীনতা। নিউইয়র্কের বার্ড কলেজের শিক্ষক ও লেখক ফাহমিদুল হক বলেন, হাসিনা আমলের নির্বাচনের কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের প্রকৃত সমর্থন কতটা ছিল, তা বোঝা যায়নি। ফলে এই নতুন ভোটাররাই ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণে বড় ভূমিকা রাখবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমামা ফাতেমা, যিনি ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, বলেন আন্দোলনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে দুর্নীতিমুক্ত রাজনীতি, সমান সুযোগ ও সংস্কারের বড় প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রত্যাশাকে বাস্তব প্রতিষ্ঠানে রূপ দেওয়া কঠিন হয়ে পড়েছে। তার মতে, খুব অল্পসংখ্যক মানুষের মতামতই বাস্তবে বিবেচনায় নেওয়া হয়েছে।

বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকায় নির্বাচন মূলত দুটি জোটের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। একটি জোটের নেতৃত্বে বিএনপি, অন্যটির নেতৃত্বে জামায়াতে ইসলামী। এই বাস্তবতা অনেক তরুণ আন্দোলনকারীর কাছে হতাশাজনক।

কুমিল্লার ২২ বছর বয়সী শিক্ষার্থী পন্থ সাহা বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় তারা আশা করেছিলেন নতুন নেতৃত্ব পুরনো বংশানুক্রমিক রাজনীতির ধারা ভাঙবে। কিন্তু আন্দোলন থেকে জন্ম নেওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার পর সেই আশা ভেঙে যায়। তার ভাষায়, ক্ষমতায় গেলে বড় প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর সেই ক্ষমতাই মানুষকে অন্ধ করে ফেলে।

উমামা ফাতেমাও মনে করেন, জামায়াতের সঙ্গে এই জোট জুলাই ২০২৪ সালের অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ক্ষুণ্ন করতে পারে। ন্যাশনাল সিটিজেন পার্টি শুরুতে নিজেদের নতুন প্রজন্মের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরলেও জোট আলোচনা এগোনোর সঙ্গে সঙ্গে দলটি থেকে অনেক নেতা ও নারী প্রার্থী পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছেন, দলটি তার মূল অঙ্গীকার থেকে সরে যাচ্ছে।

তবে দলের প্রধান নাহিদ ইসলাম এই জোটকে আদর্শগত নয়, বরং কৌশলগত নির্বাচন-সমঝোতা হিসেবে ব্যাখ্যা করেছেন।

সব মিলিয়ে, দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা বাংলাদেশের জেন জি প্রজন্ম এবার ভোটের মাঠে নামছে। তারাই ঠিক করতে পারে দেশের পরবর্তী রাজনৈতিক দিকনির্দেশনা এবং কে হবেন আগামী প্রধানমন্ত্রী।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au