অস্ট্রেলিয়া

জাতীয় শোক দিবস

বন্ডাই বিচে হামলায় নিহত ও আহতদের স্মরণে অস্ট্রেলিয়াজুড়ে শ্রদ্ধা

  • 9:11 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:২৭৮ বার
বন্ডাই বিচে হামলায় নিহত ও আহতদের স্মরণে অস্ট্রেলিয়াজুড়ে শ্রদ্ধা। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ২২ জানুয়ারি- বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের স্মরণে অস্ট্রেলিয়াজুড়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দেশজুড়ে মানুষ একত্রিত হয়ে এই হামলার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।

হানুক্কার প্রথম দিন, ১৪ ডিসেম্বর, ‘চানুকাহ বাই দ্য সি’ নামে একটি অনুষ্ঠানে উদযাপনের সময় ইহুদি সম্প্রদায়ের ওপর গুলি চালায় দুই হামলাকারী। এতে ১৫ জন নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত হন। এই মর্মান্তিক ঘটনার পর জাতীয় শোক দিবসের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মানুষ নিহত ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সম্মান জানিয়েছে।

শোক দিবসের শুরুতে দেশজুড়ে বিভিন্ন সরকারি ও সামাজিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সিডনি হারবার ব্রিজেও পতাকা অর্ধনমিত ছিল। ইহুদি ধর্মগুরু রাবাই এলি ফেল্ডম্যান বলেন, মানুষ যখন শোক একা বহন না করে, বরং দেখে পুরো দেশ তাদের পাশে আছে, তখন সেটি এক ধরনের জাতীয় আলিঙ্গনের মতো হয়ে ওঠে, যা খুবই শান্তিদায়ক।

হামলার স্থানের কাছাকাছি বন্ডাই  প্যাভিলিয়নে নিহতদের স্মরণে একটি অস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করা হয়। সেখানে ফুলের বদলে পাথর রাখা হয়। ইহুদি সংস্কৃতিতে কবরস্থানে ফুলের পরিবর্তে পাথর রাখার রীতি রয়েছে, যা দীর্ঘস্থায়ী স্মৃতির প্রতীক। স্মৃতিসৌধে সবচেয়ে কম বয়সী নিহত ১০ বছরের মাতিল্ডার স্মরণেও বিশেষ আয়োজন ছিল। তার মধ্যনাম ‘বি’ থেকে অনুপ্রাণিত হয়ে সেখানে মৌমাছির আদলে খেলনা ও স্টিকার রাখা হয়।

সিডনিতে আয়োজিত স্মরণসভায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া একটি নিরাপদ আশ্রয়ের দেশ হিসেবে পরিচিত, কিন্তু এই ঘটনায় সেই প্রতিশ্রুতি ভেঙে গেছে। তিনি বলেন, আলো ও স্বাধীনতার উৎসব উদযাপন করতে এসে মানুষকে ঘৃণার সহিংসতার মুখে পড়তে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

এই শোক দিবস ছিল মূলত একটি কমিউনিটি উদ্যোগ। ইহুদি বোর্ড অব ডেপুটিজের স্বেচ্ছাসেবীরা সিডনির বন্ডাই  ও মার্টিন প্লেসে হাজার হাজার মোমবাতি বিতরণ করেন, যাতে মানুষ তা জ্বালিয়ে শ্রদ্ধা জানাতে পারে। শোক দিবসের প্রতিপাদ্য ছিল ‘আলো জিতবে: ঐক্য ও স্মরণের সমাবেশ’, যা বন্ডাই র চাবাদ কমিউনিটি নির্ধারণ করে।

নিউ সাউথ ওয়েলস ইহুদি বোর্ড অব ডেপুটিজের প্রধান নির্বাহী মিশেল গোল্ডম্যান সব অস্ট্রেলিয়ানকে সন্ধ্যায় একটি মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালনের আহ্বান জানান। হামলার সময় ঘটনাস্থলে থাকা রাবাই ইয়োসেফ আইখেনব্লাট বলেন, এই ঘটনায় দেশজুড়ে যে সমর্থন দেখা গেছে, তা প্রমাণ করে যে ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে পুরো অস্ট্রেলিয়া একসঙ্গে দাঁড়ায়।

সিডনিতে সন্ধ্যা ৭টায় বন্ডাই র চাবাদ কমিউনিটির উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচার করা হয়। ব্রিসবেনে হলোকাস্ট জাদুঘরে শোকবার্তা লেখার মাধ্যমে মানুষ তাদের শ্রদ্ধা জানায়।

স্মরণসভা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। সিডনি অপেরা হাউস এবং আশপাশের ভবনের ছাদে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, যাতে শান্তিপূর্ণভাবে এই জাতীয় শোক পালন করা যায়।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক পরিবার ঋণনির্ভর!

ওটিএন বাংলা ডেস্ক: নিত্যদিনের খরচ বাড়ছে, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না আয়। সংসারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে তাই ধারদেনার ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশের বহু পরিবারকে।…

বাংলাদেশে আইনশৃঙ্খলার সংকট কেন কাটছে না?

ওটিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের লড়াই—বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে কেবল বিচ্ছিন্ন অপরাধের সমষ্টি হিসেবে দেখলে এর গভীরতা বোঝা কঠিন। দীর্ঘদিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au