বিশ্ব

ইরানে হামলা হলে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে : খামেনি

  • 12:37 am - February 02, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন,২ ফেব্রুয়ারি–যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায়, তাহলে তা শুধু দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে সামরিক শক্তি প্রদর্শনের কথা বলে ইরানি জাতিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তবে এসব হুমকিতে ইরান বিচলিত হবে না। তার ভাষায়, “তারা বলে জাহাজ এনেছে, বাহিনী মোতায়েন করেছে। এসব দিয়ে ইরানি জনগণকে ভয় দেখানো যাবে না।”

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, তেহরান কখনোই কোনো দেশের ওপর আগ্রাসন চালাতে চায় না। কিন্তু কেউ যদি ইরানি জাতির ওপর হামলা চালায় বা হয়রানি করে, তাহলে তার জবাব হবে কঠোর ও প্রতিশোধমূলক। তিনি সতর্ক করে বলেন, “যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জাতি শক্ত আঘাত হানবে।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। পরমাণু চুক্তিতে ইরানকে ফেরানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের চাপ এবং ইরানে চলমান বিক্ষোভ দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে ওয়াশিংটন হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ উপস্থিতিও জোরদার করা হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরি এবং তিনটি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে।

তবে উত্তেজনার মধ্যেও আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি কোনো পক্ষই। তেহরান জানিয়েছে, তারা ‘ন্যায্য’ আলোচনার জন্য প্রস্তুত, তবে সেই আলোচনা যেন ইরানের প্রতিরক্ষামূলক সক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে না হয়। অন্যদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণভাবে কথা বলছে’ এবং গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী।

এর কয়েক ঘণ্টা আগেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সম্ভাব্য আলোচনার আয়োজন প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাম্প বলেন, “আমি আশা করি এমন একটি চুক্তি হবে, যেখানে কোনো পরমাণু অস্ত্র থাকবে না এবং যা সবার জন্য সন্তোষজনক হবে।”

এদিকে ইরানে গত বছরের ডিসেম্বরে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভগুলো পরে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নেয়। সরকার কঠোর দমন-পীড়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সরকারি হিসাবে অস্থিরতা-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১১৭ জন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৬ হাজার ৭১৩ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনি এসব বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত একটি ‘অভ্যুত্থান প্রচেষ্টা’ হিসেবে বর্ণনা করেন। তার মতে, এই অস্থিরতার লক্ষ্য ছিল ইরানের রাষ্ট্র পরিচালনাকারী কেন্দ্রগুলোর ওপর আঘাত হানা।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au