বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচন নিয়ে 'দ্য ইকোনমিস্ট'র বিশ্লেষণ

ভোটারদের একদিকে কলঙ্কিত একটি দল, আরেকদিকে তালেবানপন্থী দল

  • 3:05 pm - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ইকোনমিস্টের ওয়েবসাইটে গেলে বাংলাদেশ দিয়ে সার্চ করলেই দেখা যাচ্ছে এই নিবন্ধ ও পডকাস্ট।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৪ ফেব্রুয়ারি- আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে কঠোর মূল্যায়ন করেছে প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট। সোমবার প্রকাশিত এক নিবন্ধ ও সংশ্লিষ্ট পডকাস্টে সাময়িকীটি বলেছে, আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বাংলাদেশের ভোটাররা কার্যত শাঁখের করাতে পড়েছে। একদিকে রয়েছে অতীতে দুর্নীতি ও দমন-পীড়নের অভিযোগে কলঙ্কিত একটি দল, অন্যদিকে রয়েছে তালেবান ঘরানার হিসেবে চিহ্নিত একটি ইসলামপন্থী শক্তি। এই দুইয়ের মধ্য থেকেই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পছন্দ বেছে নিতে হবে ভোটারদের।

ইকোনমিস্টের ওয়েবসাইটে বাংলাদেশ সার্চ করলেই দেখা যাচ্ছে এই নিবন্ধটি। পাশাপাশি রয়েছে একটি পডকাস্ট, যার শিরোনাম ‘বাংলাদেশে শেখ হাসিনার পরে কী?’। সেখানে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতনের পর যে গণতান্ত্রিক প্রত্যাবর্তনের আশা তৈরি হয়েছিল, দেড় বছর পেরোতেই তার রং অনেকটাই ফিকে হয়ে এসেছে।

নিবন্ধে কলঙ্কিত অতীতের দল হিসেবে চিহ্নিত করা হয়েছে বিএনপিকে, যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। আর তালেবান ঘরানার দল হিসেবে উল্লেখ করা হয়েছে জামায়াতে ইসলামীকে, যারা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে সুবিধাজনক সময় পার করছে।

প্রতিবেদনটির শুরুতেই তুলে ধরা হয়েছে তারেক রহমানের নির্বাচনী প্রচারের চিত্র। বলা হয়েছে, ময়মনসিংহমুখী বুলেটপ্রুফ বাসে তারেক রহমান যাওয়ার সময় সড়কের দুই পাশে জড়ো হয়েছিল বিপুলসংখ্যক সমর্থক। এমনকি গার্মেন্ট কারখানা থেকে শ্রমিকদেরও উঁকিঝুঁকি দিতে দেখা গেছে। ইকোনমিস্ট স্মরণ করিয়ে দিয়েছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার বহন করছেন।

জেন-জি নেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর নির্বাচন ঘিরে যে আশাবাদ তৈরি হয়েছিল, সেটিও নিবন্ধে উঠে এসেছে। ইকোনমিস্ট লিখেছে, গণতন্ত্রে ফেরার এই প্রক্রিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক মেরামতে সহায়ক হতে পারে বলে আশা করা হয়েছিল।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের শাফকাত মুনিরের উদ্ধৃতি দিয়ে সাময়িকীটি উল্লেখ করেছে, আওয়ামী লীগ শাসনামলে ভোট একটি প্রহসনে পরিণত হয়েছিল। তিনি বলেন, জীবনের প্রায় ২০ বছর এমনভাবে কেটেছে, যখন ভোটের কোনো মূল্যই ছিল না।

তবে অভ্যুত্থানের মাধ্যমে যে স্বপ্ন দেখানো হয়েছিল, তা এখন অনেকটাই দূরে সরে গেছে বলেও মন্তব্য করেছে ইকোনমিস্ট। এখানেই সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামীর উত্থান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই দলটি স্বাধীনতার বিরোধিতার পাশাপাশি পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে হত্যাযজ্ঞ ও নির্যাতনে যুক্ত ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

শেখ হাসিনার সরকার ২০২৪ সালে পতনের আগে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। কিন্তু মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় সেই নিষেধাজ্ঞা উঠে যায় এবং দলটি নতুন করে সংগঠিত হয়ে ওঠে। ইকোনমিস্টের মতে, জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত, তবে এর মধ্যে জামায়াতই সবচেয়ে বড় চমক।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিনের মতে, জামায়াতের নতুন জনসমর্থনের পেছনে শুধু ইসলামপন্থী পরিচয় নয়, আরও নানা কারণ রয়েছে। দলটি দাবি করছে, ক্ষমতায় গেলে তারা মধ্যপন্থা অবলম্বন করবে এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করবে। তবু শহুরে সমাজে আতঙ্ক রয়ে গেছে বলে উল্লেখ করেছে ইকোনমিস্ট। বিশেষ করে নারী প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত এবং নারীদের গৃহবন্দি করার ইঙ্গিত উদ্বেগ বাড়িয়েছে।

সংসদে অতীতে সর্বোচ্চ ১৮টি আসন জেতা জামায়াত এবার বড় দল বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছে। একসময় আওয়ামী লীগের শাসনামলে এই দুই দল ছিল রাজনৈতিকভাবে কাছাকাছি, এখন সেই সম্পর্ক শিথিল।

জনমত জরিপে বিএনপি এগিয়ে থাকলেও ইকোনমিস্ট মনে করিয়ে দিয়েছে, দলটি এর আগে তিনবার ক্ষমতায় গিয়েও প্রশ্নবিদ্ধ শাসনের নজির রেখেছে। বিশেষ করে ২০০১ সালে সরকার গঠনের পর কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও তারেক রহমান যে কার্যত সবকিছু নিয়ন্ত্রণ করতেন, তা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। উইকিলিকসের ফাঁস হওয়া তথ্যের বরাতে তাকে সে সময় বাংলাদেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। লন্ডনে তার অবস্থানকে স্বেচ্ছা নির্বাসন হিসেবেও উল্লেখ করা হয়েছে।

১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান এখন ক্ষমতায় গেলে সংস্কার ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন। উদারপন্থী অনেকেই তাকে সমর্থন করছেন এই আশায় যে, আগের তারেক রহমান আর বর্তমান তারেক রহমান এক নন।

তবে সব মিলিয়ে দ্য ইকোনমিস্টের মূল্যায়ন স্পষ্ট। এই নির্বাচনে বাংলাদেশের ভোটারদের সামনে থাকা বিকল্প দুটিই আকর্ষণীয় নয়। একদিকে আধুনিকতার প্রতিশ্রুতি দেওয়া হলেও অতীতে কলঙ্কিত একটি রাজনৈতিক শক্তি, অন্যদিকে কট্টরপন্থার আশঙ্কা জাগানো একটি দল। এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ, এমনটাই মনে করছে প্রভাবশালী এই সাময়িকী।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au