বাংলাদেশ

নতুন সরকারের দিকে তাকিয়ে বাংলাদেশ

নিজস্ব স্বার্থের ফারাকেই থমকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

  • 3:09 am - February 06, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- বাংলাদেশ ও ভারতের নিজ নিজ স্বার্থের ধারণায় পার্থক্য থাকায় দুই দেশের সম্পর্ক বর্তমানে অনেকটাই থমকে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্ক খুব একটা মসৃণ না হলেও ভবিষ্যতে নতুন সরকার দায়িত্ব নিলে এই অচলাবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল তাঁর শেষ আনুষ্ঠানিক মতবিনিময়।

ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক খুব স্মুথ ছিল না। তবে তিনি এটিকে বড় কোনো সংকট হিসেবে দেখছেন না। তাঁর ভাষায়, সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি, কিন্তু অনেক ক্ষেত্রে থমকে গেছে। তিনি আশা প্রকাশ করেন, এই সরকারের পর যে নতুন সরকার আসবে, তারা ভারতের সঙ্গে সম্পর্ককে আবার এগিয়ে নিতে পারবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ সব সময় ভারতের সঙ্গে ভালো কাজের সম্পর্ক চেয়েছে। এই বিষয়ে তাঁর ব্যক্তিগত অবস্থান, প্রধান উপদেষ্টার অবস্থান এবং সরকারের সামগ্রিক দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পারস্পরিক বোঝাপড়া ও দায়দায়িত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা বাংলাদেশের পক্ষ থেকে সব সময়ই ছিল বলে তিনি উল্লেখ করেন।

তবে সম্পর্ক কেন প্রত্যাশামতো এগোয়নি, সে প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক ক্ষেত্রেই দুই দেশের স্বার্থের ধারণা এক জায়গায় এসে মেলেনি। তিনি কাউকে দোষারোপ করতে চান না জানিয়ে বলেন, ভারত তাদের স্বার্থ যেভাবে দেখেছে, সেভাবেই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশও নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে। এই দুই দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণেই বেশ কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হয়নি।

পরবর্তী সরকারের সময়ে এই জটিলতা কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তৌহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইস্যু থাকবেই এবং স্বার্থের সংঘাতও থাকবে। তবু সবকিছুর মধ্যেও একটি কার্যকর ও মসৃণ সম্পর্ক থাকা জরুরি। তিনি স্বীকার করেন, তাঁর দায়িত্বকালে ভারতের সঙ্গে সম্পর্ক প্রত্যাশামতো মসৃণ ছিল না এবং কয়েকটি বড় ধরনের বাধার মুখে পড়তে হয়েছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভবিষ্যৎ সম্পর্ক কতটা প্রভাবিত হবে, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নৈরাশ্যবাদী হওয়ার সুযোগ নেই। তিনি আশাবাদী থাকতে চান এবং বিশ্বাস করেন, এই বিষয়ে কোনো না কোনো সমাধানের পথ বের হবে।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মনোভাব একটি বিমূর্ত বিষয়, এটি নিয়ে অনুমানের ভিত্তিতে কথা বলা ঠিক নয়। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ তাঁকে ফেরত চেয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এর বাইরে কোনো অনুমান করা সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু কূটনীতিক বিষয়টি জানতে চেয়েছেন ঠিকই, তবে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেননি। কেউ বলেননি কী করা উচিত বা উচিত নয়। তাঁরা শুধু জানতে চেয়েছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, আর উত্তরে তিনি জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে দলটি নির্বাচনে অংশ নিচ্ছে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করছেন, যদিও এ নিয়ে সন্দিহান মানুষের অভাব নেই। তাঁর মতে, নির্বাচন না হওয়ার মতো কোনো বাস্তব কারণ নেই। নির্বাচন নিখুঁত হয় কি না, এমন প্রশ্নে তিনি বলেন, জীবনে কোনো কিছুই পুরোপুরি নিখুঁত হয় না। নির্বাচনেও কিছু সমস্যা থাকতেই পারে। তবে আসল বিষয় হলো, নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে কি না। তিনি বলেন, আগের নির্বাচনগুলোতেও নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনমতের প্রতিফলন দেখা গেছে। এমনকি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত ভারতেও নিখুঁত নির্বাচন হয় না।

আসন্ন সরকারের জন্য প্রতিরক্ষা চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি বোঝা হয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তিনি এটিকে বোঝা রেখে যাওয়া হিসেবে দেখেন না। বরং অনেক বিষয় এগিয়ে দিয়ে যাচ্ছেন, যাতে পরবর্তী সরকারের কাজ সহজ হয়। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার কথা উল্লেখ করেন। তাঁর দাবি, দরকষাকষির মাধ্যমে শুল্কহার ৩৭ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা ভবিষ্যৎ সরকারের জন্য একটি বড় কাজ কমিয়ে দিয়েছে। জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কথাও তুলে ধরে তিনি বলেন, এসব প্রক্রিয়া হঠাৎ শুরু হয়নি, বরং আগের ধারাবাহিকতার অংশ হিসেবেই এগিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশিদের ভিসা না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই দায় এককভাবে তাঁর বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, বরং এটি দেশের সামগ্রিক ব্যবস্থার দায়। তিনি বলেন, বিশ্বজুড়ে সুযোগের অভাব নেই, কিন্তু নিজেদের দুর্বলতার কারণে বাংলাদেশ তা কাজে লাগাতে পারছে না। ভিসা না পাওয়ার জন্য সম্পূর্ণভাবে আমাদের নিজেদেরই দায় রয়েছে।

এই প্রসঙ্গে তিনি বলেন, জালিয়াতির কারণে বাংলাদেশের কাগজপত্রের ওপর আস্থা কমে গেছে। ভিসা বা বিদেশে পড়াশোনার অনুমতি সবই কাগজের ওপর নির্ভরশীল। যদি কাগজ বিশ্বাসযোগ্য না হয়, তাহলে কেউ আস্থা রাখবে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, কেউ গৃহকর্মীর চাকরিতে গেলেও কাগজে যদি অন্য কোনো পদ দেখানো হয়, তাহলে সেটি স্পষ্ট প্রতারণা। যতক্ষণ না নিজেদের ঘর গোছানো যায়, ততক্ষণ এই সমস্যার সমাধান সম্ভব নয়। বরং সামনে আরও কঠিন সময় আসতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au