ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…
মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- ইতালির মিলানে একটি ব্যাংকের ভল্টে ঢুকে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় নয় ঘণ্টা ভল্টের ভেতরে আটকে থাকার পর তাকে উদ্ধার করে আটক করা হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি।
ইউরোনিউজের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে মিলানের ভিয়ালে চেরতোসা এলাকায় অবস্থিত ইউনিক্রেডিট ব্যাংকের একটি শাখায়। ইতালির পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ২৪ বছর বয়সী ওই যুবক লকার থেকে টাকা চুরির উদ্দেশ্যে ভল্টে প্রবেশ করেন।
রাত ৯টার দিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে নিরাপত্তাকর্মীরা দেখতে পান, তিনি একটি লকার খোলার চেষ্টা করছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি। কারণ ভল্টের মূল চাবি যে লকারে রাখা ছিল, সেটি পরদিন সকাল ৮টার আগে খোলা যাচ্ছিল না।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে চাবি উদ্ধার করেন। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে গুরুতর চুরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভল্টের ভেতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকায় দীর্ঘ সময় আটকে থাকলেও তার শারীরিক কোনো ক্ষতি হয়নি। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছেন, কীভাবে তিনি স্বাভাবিক লেনদেনের সময় ব্যাংকে প্রবেশ করে নজর এড়িয়ে ভল্ট পর্যন্ত পৌঁছেছিলেন।
ঘটনার পর এক বিবৃতিতে ইউনিক্রেডিট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অ্যালার্ম ব্যবস্থা যথাযথভাবে কাজ করেছে এবং কর্মীরা দ্রুত জরুরি সেবার সঙ্গে যোগাযোগ করেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au