মেলবোর্ন, ৪ মার্চ- যুক্তরাষ্ট্রে অল্প সময়ের মধ্যে ভিসা এবং গ্রিন কার্ড পেতে আগ্রহী আবেদনকারীদের জন্য পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) ১ মার্চ থেকে প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়ানোর নতুন নিয়ম কার্যকর করেছে।
নতুন নিয়ম অনুযায়ী এইচ-১বি ভিসা, কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড, এল-১, ও-১, পি, কিউ, ই এবং টিএন (আই-১২৯) ওয়ার্ক ভিসা প্রিমিয়াম ফি ২,৮০৫ ডলার থেকে বেড়ে ২,৯৬৫ ডলার হয়েছে। তবে পারিবারিক কোটায় গ্রিনকার্ড আবেদনগুলোর ফি অপরিবর্তিত রাখা হয়েছে।
মৌসুমী ও ধর্মীয় কর্মী এইচ-২বি এবং আর-১ শ্রেণির প্রিমিয়াম ফি ১,৬৮৫ ডলার থেকে বেড়ে ১,৭৮০ ডলার করা হয়েছে। শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট ও এসটিইএম-ওপিটি অনুমোদনের জন্য প্রিমিয়াম ফি ১,৭৮০ ডলার রাখা হলেও এফ, জে এবং এম ক্যাটাগরির শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের ফি ২,০৭৫ ডলার করা হয়েছে।
ইউএসসিআইএস জানিয়েছে, ফি বৃদ্ধি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং প্রক্রিয়ার দীর্ঘজট কমাতে নেওয়া হয়েছে। বর্ধিত ফিসহ আবেদনকেই অগ্রাধিকারভিত্তিক প্রসেসিংয়ের আওতায় নেওয়া হবে, নাহলে পুরোনো ফি যুক্ত আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
নিউ ইয়র্কের অভিবাসন অ্যাটর্নি অশোক কর্মকার মনে করছেন, নতুন ফি বাড়ানো অবশ্যই আবেদনকারীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, তবে যদি প্রক্রিয়ার জট কমানো সম্ভব হয়, তা দীর্ঘমেয়াদে সুবিধা বয়ে আনতে পারে।
মার্কিন আইন অনুযায়ী প্রতি দুই বছর পরপর প্রিমিয়াম প্রসেসিং ফি পর্যালোচনা বাধ্যতামূলক। তাই ভবিষ্যতে ফি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।