বাংলাদেশ

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

  • 11:26 pm - March 07, 2026
  • পঠিত হয়েছে:১৫ বার
‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে মসজিদের কমিটি। এমনকি কোনো বিয়ের অনুষ্ঠানে গানবাজনা হলে সেখানে ধর্মীয় নিয়মে বিয়ে পড়াতে স্থানীয় আলেমরা যাবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই মাস আগে এ সংক্রান্ত নোটিশ গ্রামজুড়ে প্রচার করা হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসার পর প্রশাসন এ ঘটনায় হস্তক্ষেপ করেছে।

ঘটনাটি সদর উপজেলার চরাঞ্চলের ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া পোড়াগ্রামে অবস্থিত একটি জামে মসজিদকে ঘিরে। ‘গানবাজনা বা বাদ্যযন্ত্রমুক্ত সমাজ গঠনের সিদ্ধান্ত’ শিরোনামে জারি করা ওই নোটিশে বলা হয়, গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা এবং পারিবারিক শান্তি রক্ষার স্বার্থে গণসম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে আরও দাবি করা হয়, ইসলামের দৃষ্টিতে শিরক, বিদ’আত, গানবাজনা ও অপসংস্কৃতি হারাম এবং ক্ষতিকর। তাই গ্রামের সামাজিক কল্যাণের কথা বিবেচনায় নিয়ে প্রকাশ্যে উচ্চশব্দে গান বা বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে বাদ্যযন্ত্র বাজালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মসজিদ কমিটির সদস্য ও গ্রামবাসীর পক্ষ থেকে মোট ৩৪ জন এতে স্বাক্ষর করেন। শুধু নোটিশেই সীমাবদ্ধ না থেকে গ্রামের বিভিন্ন মোড়ে এ বিষয়ে ব্যানার ও ফেস্টুনও টানানো হয়। নোটিশ জারির পর থেকে গ্রামে প্রকাশ্যে গানবাজনা প্রায় বন্ধ হয়ে যায়।

সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ গ্রামে গিয়ে ‘গানবাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধ’ লেখা ব্যানার, ফেস্টুন ও নোটিশ জব্দ করে থানায় নিয়ে যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল (রাজন) জানান, বিষয়টি জানার পর তিনি মসজিদ কমিটির সদস্যদের তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। গত বৃহস্পতিবার বিকেলে মসজিদের ইমামের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সেখানে উপস্থিত হয়ে জানান, বিষয়টি না বুঝে তাঁরা গ্রামে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। পরে তাঁরা ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে মসজিদ কমিটি সভা করে লিখিতভাবে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে ইউএনও কার্যালয়ে জমা দেওয়ার কথাও জানিয়েছেন।

এ বিষয়ে জানতে মসজিদে গিয়ে ওই মসজিদের ইমাম আবদুল মালিক বিন খালেদুর রহমানকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একবার পরে কথা বলবেন বলে জানান, তবে পরে আর এ বিষয়ে মন্তব্য করেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে তেররশিয়া পোড়াগ্রামের জামে মসজিদের ইমাম ও কয়েকজন আলেমের নেতৃত্বে গ্রামবাসীর একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ‘সমাজ সংস্কার’-এর কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ঘোষণা দেওয়া হয় যে, গ্রামে কোনো ধরনের গানবাজনা বা বাদ্যযন্ত্র বাজানো যাবে না। এই নিষেধাজ্ঞা শুধু সামাজিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না; ব্যবসাপ্রতিষ্ঠান ও ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের ক্ষেত্রেও তা প্রযোজ্য করা হয়।

গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রবীণদের একটি অংশ সিদ্ধান্তকে সমর্থন করলেও তরুণদের অনেকেই এতে অসন্তোষ প্রকাশ করেছেন।

গ্রামের কয়েকজন নারী জানান, এই সিদ্ধান্তের ফলে বিয়েবাড়িতে গীত গাওয়া বা সাউন্ডবক্সে গান বাজানো বন্ধ হয়ে গেছে। এমনকি যে বাড়িতে গানবাজনা হবে, সেখানে স্থানীয় আলেমরা বিয়ে পড়াতে যাবেন না বলেও জানানো হয়েছে। গ্রামের কিশোররা মাঝেমধ্যে পিকনিক করে সাউন্ডবক্সে গান বাজাত, সেসব আয়োজনও এখন বন্ধ হয়ে গেছে। এতে অনেক নারী অসন্তোষ প্রকাশ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক বয়স্ক ব্যক্তি ও এক মাদ্রাসাছাত্র জানান, মসজিদ কমিটির পক্ষ থেকে আরও প্রচার করা হয়েছিল যে, যারা নিয়মিত নামাজ পড়বে না তাদের জানাজা পড়ানো হবে না। তবে গ্রামের অনেকেই এ কথা মানতে নারাজ। তাঁদের মতে, নামাজ পড়া বা না পড়া ব্যক্তিগত ধর্মীয় বিষয়; এ কারণে জানাজা না পড়ানোর ঘোষণা দেওয়া ঠিক নয়।

গ্রামের এক দোকানদার বলেন, তাঁর দোকানে টেলিভিশন থাকলেও তিনি এখন আর গান চালান না। শুধু খবর দেখেন বা কখনো ইসলামি ওয়াজ শোনেন।

গ্রামের আরেক বাসিন্দা ও স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি রবিউল ইসলাম বলেন, বিয়ে মানেই আনন্দের অনুষ্ঠান, সেখানে গানবাজনা বা গীত গাওয়া স্বাভাবিক বিষয়। এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তিনি বলেন, গ্রামের মৌলভিরা না এলে অন্য জায়গা থেকে আলেম এনে বিয়ে পড়ানো যাবে। তাই মসজিদ কমিটির এই সিদ্ধান্ত অনেকেই মানবেন না।

প্রশাসনের হস্তক্ষেপের পর এখন গ্রামে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au