বিশ্ব

আলী লারিজানির শূন্যতা কীভাবে পূরণ করবে ইরান

তাকে হত্যার প্রভাব কেবল একজন শীর্ষ নেতাকে হারানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই ঘটনা ইরানের নেতৃত্ব সংকটআরও গভীর করবে

  • 4:11 pm - March 18, 2026
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ১৮ মার্চ- ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান ও অন্যতম প্রভাবশালী নেতা আলী লারিজানি নিহত হওয়ার পর তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে তাকে হারানোর ধাক্কা কিভাবে সামাল দেবে ইরান- তা নিয়ে দেশটির ক্ষমতা বলয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। অস্বীকার করার উপায় নেই, লারিজানির অনুপস্থিতি বিশাল এক শূন্যতা তৈরি করেছে ইরানের জন্য। ইসরায়েল ও মার্কিন জোটের বিরুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ নীতি-নির্ধারক। তাকে হারিয়ে বর্ণনাহীন এক সংকটময় পরিস্থিতিতে পড়ে গেছে দেশটি।

লারিজানি কেন এত গুরুত্বপূর্ণ ছিলেন
যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের সুপ্রিম আয়াতুল্লাহ আলী খামেনি। তাৎক্ষণিক সেই ধাক্কা সামলাতে যুদ্ধের ময়দানে নামেন আলী লারিজানি। যিনি কোনো সামরিক কমান্ডার ছিলেন না। ইরানের জন্য কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি ছিলেন কেন্দ্রীয় ব্যক্তিত্ব।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে তিনিই যুদ্ধ, কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন। ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থায় তার মতামতের ব্যাপক গুরুত্ব ছিল, বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার সাথে ইরানের সংঘাত ব্যবস্থাপনার ক্ষেত্রে।

ইসরায়েল-আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান
সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ইসরায়েল-আমেরিকার বিরুদ্ধে লারিজানি কঠোর অবস্থান গ্রহণ করেন। তিনি ইঙ্গিত দেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তার এমন অবস্থানের কারণেই যুদ্ধের মাঠে ইরানকে কাবু করতে পারছিল না বিরোধীপক্ষ। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করার পর তাই তারা উল্লাসে ফেটে পড়ে। লারিজানিসহ গত ১৮ দিনে বেশ কয়েকজন উর্ধ্বতন ইরানি কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। এসব ঘটনা ইঙ্গিত দেয় যে, যুদ্ধকালীন সময়ে ইরানের নেতৃত্ব কাঠামোকে দুর্বল করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে।

‘বাস্তববাদী’ নেতা
পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকলেও, ইরানের ভেতরে লারিজানি প্রায়ই একজন ‘বাস্তববাদী’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি আদর্শিক আনুগত্যের সাথে প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটিয়েছিলেন। কেবল বাগাড়ম্বরের চেয়ে সুপরিকল্পিত কৌশলকে বেশি গুরুত্ব দিতেন লারিজানি। পশ্চিমা শক্তিগুলোর সাথে আলোচনার বিষয়ে তিনি ঘোর সংশয়ী ছিলেন ঠিকই, কিন্তু চীনের সাথে ইরানের দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তিতে দূত হিসেবে কাজ করার মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাতেও যুক্ত ছিলেন।

তিনটি বড় সংকট সামাল দিচ্ছিলেন
নিহত হওয়ার আহ পর্যন্ত আলী লারিজানি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সামাল দিচ্ছিলেন। প্রথমত তিনি ইরানের জেনারেলদের বোঝাতে পেরেছিলেন, চলমান যুদ্ধকে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নেওয়া। পাশাপাশি এই সংঘাতকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া। যার মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টিও ছিল।

দ্বিতীয়ত বিষয় ছিল ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা কঠোর হস্তে দমন করা। কিছুদিন আগে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই ইসলামিক প্রজাতন্ত্রকে উৎখাত করার আন্দোলনে রূপ নেয়। এই বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার যে পরিকল্পনা, তা করেন লারিজানি। ইরানজুড়ে হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করে সেই আন্দোলন দমন করা হয়।

আরেক বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তা নিয়ে ওয়াশিংটনের সাথে স্থবির হয়ে পড়া পরোক্ষ আলোচনা। সামরিক হামলার কারণে এই দুটি বিষয়ই ইতিমধ্যে বাধাগ্রস্ত হচ্ছিল। তবুও তিনি ওই আলোচনা নতুন করে শুরুর চেষ্টা করছিলেন।

পরিস্থিতি অত্যন্ত নাজুক
আলী লারিজানির মৃত্যু এই সমস্যাগুলোকে অমীমাংসিত রেখে গেছে। সেগুলো এমন এক উত্তরসূরির ওপর ভার তুলে দিয়েছে,  যাকে অত্যন্ত নাজুক পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ইরান বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করে কিছুটা সক্ষমতা দেখালেও, দেশটির আকাশসীমা এখনও হামলার জন্য উন্মুক্ত। যে কোনো নতুন শীর্ষস্থানীয় ব্যক্তিত্বই এখন লক্ষ্যবস্তু হওয়ার তাৎক্ষণিক ঝুঁকির মুখে থাকবেন।

ইরানের এই পরিস্থিতিতে ক্ষমতার কেন্দ্রকে আরও বেশি সামরিক বাহিনীর দিকে ঠেলে দিতে পারে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যায় যে, শীর্ষ নেতৃত্ব অক্ষম হয়ে পড়লে সশস্ত্র বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে ব্যাপক কর্তৃত্ব দেওয়া হয়েছে। বাস্তবে এর অর্থ হতে পারে সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে, কিন্তু তাতে কেন্দ্রীয় সমন্বয় কম থাকবে।

উত্তরাধিকার নির্বাচন কঠিন করে তুলেছে
একের পর নেতা হত্যার ঘটনা দেশটিকে নতুন নেতৃত্ব নির্বাচন কঠিন করে তুলেছে। জটিল সেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন যুদ্ধ পরিচালনায় যুক্ত ব্যক্তিরা। এরই মধ্যে সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতার নাম ঘোষণায় বেশ দেরি করে ফেলে ইরান।

এমনকি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নির্বাচিত করলেও তাকেসহ বেশ কিছু ব্যক্তিত্বকে লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাদেরকে আড়ালে রাখা নিরাপত্তা ইস্যুতে নাকি অভ্যন্তরীণ অনিশ্চয়তায়? তা এখনও অস্পষ্ট।

আরও অস্থিতিশীল হতে পারে পরিস্থিতি
ধারণা করা হচ্ছে, লারিজানিকে হত্যার পর ইরান এই যুদ্ধে আরও কঠোর সামরিক অবস্থান নেবে।  এমনকি দেশের ভেতরে আরও কঠোর দমনপীড়ণ চালাবে। তবে দীর্ঘমেয়াদে একটি ব্যবস্থা যদি ক্রমাগত তার শীর্ষ ব্যক্তিদের হারাতে থাকে, তাতে ৯ কোটিরও বেশি মানুষের দেশে কার্যকর শাসন পরিচালনা ক্রমশ কঠিন হয়ে পড়বে।

লারিজানির মৃত্যুর প্রভাব কেবল একজন শীর্ষ কর্মকর্তার হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ঘটনা ইরানের নেতৃত্ব সংকটকে আরও গভীর করেছে। যা যুদ্ধের গতিপথ এবং ইরানি রাষ্ট্রের স্থিতিশীলতা উভয়কেই প্রভাবিত করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

‘চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য’ প্রতিশোধের অঙ্গীকার
এরই মধ্যে ইরানি সেনাবাহিনী ঘোষণা করেছে, ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ায় ‘চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য’ প্রতিশোধ নেওয়া হবে। এমন অঙ্গীকার করে দেশটির সেনাপ্রধান আমির হাতামি এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য।

এছাড়াও  ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডস আলাদা এক বিবৃতিতে বলেছে, শহীদ আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।

এই শাখার আরও খবর

ক্রোমে গুরুতর নিরাপত্তা ত্রুটি, আপডেট দিতে বলছে গুগল

মেলবোর্ন, ১৮ মার্চ- বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। সংস্থাটি জানিয়েছে, ক্রোমে একটি গুরুতর দুর্বলতা ধরা পড়েছে, যা…

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১৮ মার্চ- প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের মধ্যে। এ সময় প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ…

মধ্যপ্রাচ্য সংকটে সারের বাজারে চাপ, আমদানিনির্ভর বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

মেলবোর্ন, ১৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে সারের সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আমদানিনির্ভর বাংলাদেশ-এও,…

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

মেলবোর্ন, ১৮ মার্চ- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে দুর্দান্ত পারফরম্যান্সে প্যারিস সেন্ট জার্মেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। দুই লেগ মিলিয়ে চেলসি-কে ৮-২ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি ক্লাবটি।…

‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

মেলবোর্ন, ১৮ মার্চ- স্পেনের বিপক্ষে বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচ বাতিল হওয়ায় বিকল্প পরিকল্পনায় প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ…

মধ্যপ্রাচ্যের বিমানঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত অস্ট্রেলীয় স্থাপনা

মেলবোর্ন, ১৮ মার্চ- মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ইরানের হামলায় অস্ট্রেলিয়ার ব্যবহৃত স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো অস্ট্রেলীয় সেনা সদস্য আহত হননি বলে নিশ্চিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au