মহান স্বাধীনতা দিবস আজ, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
মেলবোর্ন, ২৬ মার্চ- আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন…
মেলবোর্ন, ২৫ মার্চ- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধে আলোচনা নিয়ে একদিকে যখন আশার সঞ্চার হচ্ছে, অন্যদিকে দুই পক্ষই একে অপরের সামনে কঠোর শর্ত তুলে ধরায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছাতে হলে কে আগে ছাড় দেবে, তা নিয়েই এখন কূটনৈতিক টানাপোড়েন তীব্র হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এসব গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তানই দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হওয়ার আগ্রহ দেখিয়েছিল।
প্রস্তাবের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে উন্মুক্ত রাখতে হবে এবং সেটিকে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। একই সঙ্গে ইরানের কাছ থেকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চয়তা চাওয়া হয়েছে। বিনিময়ে ইরান প্রস্তাবগুলো মেনে নিলে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনো এই প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক নথি দেখতে পায়নি এবং তথ্যগুলোর সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বিস্ফোরণে ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ফাইল ছবি
অন্যদিকে ইরানও যুদ্ধ বন্ধে নিজেদের শর্ত সামনে এনেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান পাঁচটি প্রধান শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা, হরমুজ প্রণালির ওপর কার্যত নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং ইরানবিরোধী প্রচারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
ইরান স্পষ্ট করেছে, তারা কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী সমাধান চায়। তবে তাদের এই শর্তগুলোকে কঠোর ও বাস্তবায়ন কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে যুদ্ধের ময়দানে উত্তেজনা থামেনি। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তেল আবিবের কাছাকাছি বেনি ব্রাক শহরে ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২৩ বছর বয়সী এক যুবকের অবস্থা মাঝারি ধরনের গুরুতর। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার আঘাত করেছে। আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। এছাড়া পাশের গিভাত শমুয়েল এলাকায় আরও তিনজন আহত হয়েছেন।
ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ব্যালকনি ধসে পড়ে নিচে থাকা গাড়ির ওপর পড়েছে, আবার কোথাও পুরো অ্যাপার্টমেন্টের অংশ নিচের তলায় ভেঙে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার আগে অন্তত ১২ বার সতর্কবার্তা জারি করা হয়েছিল।

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। ফাইল ছবি: এএফপি
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত জয়ী হয়েছে এবং তেহরান এখন একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘সঠিক ব্যক্তিদের’ সঙ্গে আলোচনা করছে এবং দ্রুত সমাধানের দিকে এগোচ্ছে।
ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন। তার ভাষায়, ইরান এখন এমন একটি অবস্থায় রয়েছে, যেখানে তারা চুক্তি করতে বাধ্য।
তিনি আরও দাবি করেন, ইরান আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে একটি ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা তেল, গ্যাস এবং হরমুজ প্রণালির সঙ্গে সম্পর্কিত। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে আলোচনা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। এশিয়ার বাজারে বুধবার দিনের শুরুতেই তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দামও ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।
যদিও ট্রাম্প দাবি করেছেন, আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত অগ্রগতি হচ্ছে, ইরানের পক্ষ থেকে এই দাবি নাকচ করা হয়েছে। তেহরানের এক কর্মকর্তা আলোচনার খবরকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছেন।
সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা যেমন চলছে, তেমনি কূটনৈতিক অঙ্গনেও চলছে চাপ ও পাল্টা চাপের খেলা। শান্তির সম্ভাবনা তৈরি হলেও পারস্পরিক শর্তের জটিলতা দূর না হলে দ্রুত কোনো সমাধানে পৌঁছানো কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্রঃ দ্য নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au