অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের ক্যাসেল হিলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দা থেকে পড়ে ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৭ মে- অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের ক্যাসেল হিলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দা থেকে পড়ে ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটিকে ‘সন্দেহজনক’ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।
রোববার (১৭ মে) ভোর আনুমানিক ২টা ৪০ মিনিটে ক্রেন রোডের একটি ইউনিট থেকে এক ব্যক্তির চিৎকার শোনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা বিভাগ। সেখানে গিয়ে নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের প্যারামেডিকরা ভবনের নিচের বাগান এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।
তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়। এখনো আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
ঘটনার পর পুরো এলাকাকে অপরাধস্থল ঘোষণা করেছে পুলিশ। তদন্তে নেমেছে দ্য হিলস পুলিশ এরিয়া কমান্ড ও নর্থ ওয়েস্ট মেট্রোপলিটন রিজিয়নের গোয়েন্দারা। ‘স্ট্রাইক ফোর্স সানবাখ’-এর অধীনে এ তদন্ত পরিচালনা করা হচ্ছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের এই প্রাথমিক পর্যায়ে মৃত্যুর ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে করোনারের কাছেও একটি প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।