বাংলাদেশ

‘অনুপস্থিত মানেই নীরব নই, খুব শিগগিরই দেশে ফিরব’: শেখ হাসিনা

  • 6:09 pm - May 19, 2026
  • পঠিত হয়েছে:৩০২ বার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল

মেলবোর্ন, ১৯ মে- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার অনুপস্থিতিকে কেউ যেন নীরবতা মনে না করে। তিনি দাবি করেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন।

হিন্দুস্থান টাইমসের এক ই-মেইল সাক্ষাৎকারে এসব কথা বলেন বর্তমানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালের ১৭ মে তার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় দিন। সে সময় ছয় বছর নির্বাসনে থাকার পর পরিবারের সদস্যদের হারিয়ে শুধুমাত্র জনগণের ভালোবাসার ওপর ভরসা করে তিনি দেশে ফিরেছিলেন। তখনও তার বিরুদ্ধে ষড়যন্ত্র, মামলা ও প্রাণনাশের হুমকি ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি কোনো নির্দিষ্ট দিন বা সময়ের ওপর নির্ভর করে না। বরং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার জন্য তারা কাজ করছেন। তার ভাষায়, এটি শুধু তার ব্যক্তিগত প্রত্যাবর্তনের বিষয় নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ রক্ষার প্রশ্ন।

শেখ হাসিনা বলেন, “আমার অনুপস্থিতি মানে এই নয় যে আমি নীরব। প্রতিটি মুহূর্তে আমি দেশের জন্য লড়াই করছি। কূটনৈতিক পর্যায়, আন্তর্জাতিক আইনগত কাঠামো এবং বৈশ্বিক গণমাধ্যমের মাধ্যমে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।”

শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

তিনি আরও বলেন, জীবনে ১৯ বার হত্যাচেষ্টার শিকার হয়েও তাকে থামানো যায়নি। “সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাই আমি খুব শিগগিরই বাংলাদেশের মাটিতে ফিরব,” বলেন তিনি।

আওয়ামী লীগ নিষিদ্ধ ও তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল এবং এই দল কখনও বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে জন্ম নেয়নি। কাগজে-কলমে নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, “যদি নিষেধাজ্ঞা দিয়েই আওয়ামী লীগকে থামানো যেত, তাহলে বাংলাদেশই জন্ম নিত না।” অতীতের ইতিহাস টেনে তিনি বলেন, আওয়ামী লীগ বারবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। বর্তমান নিষেধাজ্ঞাকে তিনি ক্ষমতাসীনদের ভয় ও রাজনৈতিক অনিরাপত্তার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

শেখ হাসিনার দাবি, দেশে এখনও আওয়ামী লীগের লাখো সমর্থক ও বিপুলসংখ্যক নেতাকর্মী রয়েছেন। হামলা, মামলা, কারাবন্দি ও নির্যাতনের মধ্যেও তারা ঐক্যবদ্ধ আছেন। দেশের স্বার্থে আওয়ামী লীগের ফিরে আসা অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি।

দলের সংস্কার ও “শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ” প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এবং দলীয় কর্মীরাই নেতৃত্ব নির্বাচন করেন। সংস্কার বা পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া হলেও সেটি দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই হবে বলে জানান তিনি।

তার ভাষায়, রাজনৈতিক প্রতিপক্ষ অনেক সময় “সংস্কার” বা “শুদ্ধি অভিযান”-এর নামে প্রতিদ্বন্দ্বী দলকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করে থাকে। তবে আওয়ামী লীগ নিজের সমস্যার সমাধান নিজেই করতে সক্ষম বলেও দাবি করেন তিনি।

দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি। তার অভিযোগ, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে “নীরব রাজনৈতিক গণহত্যা” চালিয়েছে।

তিনি দাবি করেন, প্রায় ৬০০ নেতাকর্মী নিহত হয়েছেন এবং দেড় লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বহু নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও দখল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি চাকরিতে থাকা বহু কর্মকর্তা-কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। এসব পরিস্থিতির কারণে অনেকে জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল।

তিনি পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্পের কথা উল্লেখ করেন। তার দাবি, বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় দেশের মাথাপিছু আয় ছিল ৪৮২ ডলার এবং জিডিপির আকার ছিল ৭০ বিলিয়ন ডলার। আর আওয়ামী লীগ সরকারের শেষ বাজেটের সময় মাথাপিছু আয় দাঁড়িয়েছিল ২ হাজার ৭৮৪ ডলারে এবং জিডিপির আকার হয়েছিল ৪৫০ বিলিয়ন ডলার।

বর্তমান ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিদেশি বিনিয়োগ কমেছে এবং শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তার দাবি, মাত্র ১৮ মাসে বিপুল অঙ্কের দেশি-বিদেশি ঋণ নেওয়া হয়েছে এবং অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নীতি ছিল “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়”। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদান অস্বীকার করার সুযোগ নেই।

তবে দেশে দীর্ঘদিন ধরেই “ভারতবিরোধী রাজনীতি”কে কিছু গোষ্ঠী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, অন্তর্বর্তী সরকারও সেই ধারায় যুক্ত হয়েছে।

একই সঙ্গে তিনি জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ জঙ্গিবাদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল।

তিনি একযোগে ৬৩ জেলায় বোমা হামলা, তার ওপর গ্রেনেড হামলা, বিচারক হত্যা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় স্থাপনায় হামলার প্রসঙ্গ তুলে ধরেন। এমনকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনা দাবি করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জঙ্গিবাদের বিরুদ্ধে “শূন্য সহনশীলতা” নীতি গ্রহণ করেছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও দণ্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষায়, “২০০১-০৬ সালের অন্ধকার সময় আবার ফিরে আসার উপক্রম হয়েছে। জঙ্গিবাদের কালো ছায়া এখন আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়ছে। এটি দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি।”

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘স্নাইপার’ দিয়ে হত্যার হুমকি দেওয়া সেই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্পেশাল রেসপন্স…

জমি ও মন্দিরের বিরোধে রংপুরে আটকে গেল প্রতিমা বিসর্জন

রংপুর নগরীতে জমির মালিকানা ও মন্দিরের দখল নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন স্থগিত হয়েছে। বিজয়া দশমী পেরিয়ে গেলেও বিরোধের সমাধান না হওয়ায়…

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au