সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
মেলবোর্ন, ২০ মে- শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের সময় এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তীব্র আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তঃইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। হামলার শিকার সৈয়দ আব্দুল হাদি জিল্লু সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের সময় চেয়ারম্যান আব্দুল হাদি অতিথিদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি, তার ছেলে সিয়ামসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
হামলার ঘটনায় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং সাময়িকভাবে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু অভিযোগ করে বলেন, “জাতীয় সংগীত চলাকালে হঠাৎ করে আমার ওপর হামলা চালানো হয়। আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এতে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযুক্ত জসিম বেপারি অবশ্য ঘটনার সত্যতা স্বীকার করলেও দাবি করেন, স্কুলের জমি তাদের পূর্বপুরুষদের দান করা। তার ভাষ্য, “এখন আমাদের দল ক্ষমতায়। তাই অনুষ্ঠানেও আমাদের লোকজনের অংশগ্রহণ থাকা উচিত। ক্ষোভ থেকেই আমি সেখানে গিয়েছিলাম।” তবে তিনি দাবি করেন, শেষ পর্যন্ত কাউকে আঘাত করেননি।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে পুনরায় অনুষ্ঠান চালুর ব্যবস্থা নেয়। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au