বাংলাদেশ

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

বিচারহীনতার সংস্কৃতি, দীর্ঘসূত্রতা আর সামাজিক নীরবতায় ভয়াবহ ঝুঁকিতে দেশের শিশুরা

  • 5:57 pm - May 22, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
শিশু নির্যাতন ও ধর্ষণ। প্রতিকী ছবি

মেলবোর্ন, ২২ মে- দেশে শিশু ধর্ষণ, যৌন নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। একের পর এক নৃশংস ঘটনার পরও কার্যকর প্রতিরোধ ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, গত ২০ মাসে দেশে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৬৪৩ শিশু। অর্থাৎ গড়ে প্রতি মাসে ৩২ জনেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে সারা দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম চার মাসেই নিহত হয়েছে ২০৩ শিশু। আর ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সময়ে নিহত হয়েছে ৪৭৮ শিশু।

শিশুদের বিরুদ্ধে এই সহিংসতার সর্বশেষ আলোচিত ঘটনা রাজধানীর পল্লবীর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যা। গত মঙ্গলবার শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে গ্রেপ্তার হওয়া সোহেলের বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। শিশুটির বাবা-মায়ের কান্না, ক্ষোভ ও বিচার দাবির আহাজারি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে মানবাধিকারকর্মীদের মতে, আলোচিত ঘটনাগুলোর বাইরে আরও অসংখ্য শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা আড়ালেই থেকে যায়। অনেক পরিবার সামাজিক লজ্জা, ভয় বা আর্থিক অক্ষমতার কারণে মামলা পর্যন্ত করতে পারে না। আবার মামলা হলেও বছরের পর বছর ঝুলে থাকে বিচার।

চার মাসে নির্যাতনের শিকার ৫১৯ শিশু

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম চার মাসে অন্তত ৫১৯ শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৩২৪ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। একই সময়ে প্রাণ হারিয়েছে ১৯৫ শিশু।

সংগঠনটির তথ্য অনুযায়ী, শুধু নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনাই নয়, ধর্ষণ ও যৌন সহিংসতার হারও উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়, সাবেক অন্তর্বর্তী সরকারের সময় দেশে অন্তত দুই হাজার ৬১৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার ১৬ জন। ভয়াবহ বিষয় হলো, এদের মধ্যে ৫৫০ জনই ১৮ বছরের কম বয়সী শিশু।

এ ছাড়া ২৩০ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৩ জনকে। নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন অন্তত ১১ নারী। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৫০৪ জন নারী ও কন্যাশিশু, যাদের মধ্যে ২৭০ জন শিশু।

শুধু চলতি বছরের এপ্রিল মাসেই অন্তত ২৯৪ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ধর্ষণের শিকার ৬৮ জন। এদের ৩০ জনই শিশু ও কিশোরী। একই সময়ে ১৩ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছেন। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৭৯ জন, যাদের মধ্যে ৪০ জন শিশু।

পাঁচ বছরে দুই হাজারের বেশি শিশু ধর্ষণ

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যানও দেশের শিশু সুরক্ষার ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশে মোট দুই হাজার ৩৩৯টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।

বছরভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২১ সালে ৭৭৪টি, ২০২২ সালে ৫৬১টি, ২০২৩ সালে ৩১৪টি, ২০২৪ সালে ২৩৪টি, ২০২৫ সালে ৪৫৬টি এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ৯৪টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।

শুধু ধর্ষণ নয়, ধর্ষণচেষ্টার ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ১৮৫টি, ২০২২ সালে ১০১টি, ২০২৩ সালে ৮৫টি, ২০২৪ সালে ৬৬টি, ২০২৫ সালে ১৬৭টি এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ৩৪টি ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। অর্থাৎ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ১২১ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

আদালতে ঝুলে আছে হাজারো মামলা

ঢাকার আদালতের জিআর শাখা সূত্রে জানা গেছে, শুধু ঢাকার বিভিন্ন আদালতেই শিশু ধর্ষণসংক্রান্ত প্রায় তিন হাজার মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে অন্তত ২১৪টি মামলা হয়েছে।

আইনজীবী ও মানবাধিকারকর্মীদের মতে, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত না হওয়াই অপরাধ বাড়ার অন্যতম কারণ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের আইনজীবী ফাহমিদা আক্তার বলেন, আইনে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়া একটি বড় সমস্যা। অনেক সময় মেডিক্যাল রিপোর্ট পেতে দেরি হয়। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাদের একাধিক দায়িত্ব পালন করতে হয়। আবার সাক্ষীদের আদালতে হাজির করাও কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, আলোচিত মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার মতো অনেক ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চূড়ান্ত বিচার হয়নি। পল্লবীর রামিসা হত্যার মতো ঘটনায়ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আইনি প্রক্রিয়ার কারণে কিছু সময় লাগেই। তবে তদন্তে বিলম্ব এবং সাক্ষীদের অনুপস্থিতি বিচারপ্রক্রিয়াকে আরও দীর্ঘ করে তোলে।

“শিশু সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থা কার্যকর নয়”

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, একের পর এক শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা প্রমাণ করছে যে শিশু সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থা কার্যকর নয়। তিনি মনে করেন, শুধু গ্রেপ্তার নয়, দ্রুত তদন্ত, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তিই পারে পরিস্থিতি বদলাতে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পল্লবীর আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তবে শিশু অধিকারকর্মীদের প্রশ্ন, প্রতিটি আলোচিত ঘটনার পর প্রশাসনের তৎপরতা দেখা গেলেও কেন থামছে না শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধ? তাদের মতে, শুধু আইন নয়, সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা এবং মানসিক বিকারগ্রস্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

সূত্রঃ কালে কণ্ঠ

এই শাখার আরও খবর

ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা

মেলবোর্ন, ২৪ মে- ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার কর্মীদের হেনস্তা ও…

যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ছে

মেলবোর্ন, ২৪ মে- যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ…

২০ টাকা বাকি না দেওয়ায় হিন্দু পান ব্যবসায়ীকে গলা চেপে হত্যা

মেলবোর্ন, ২৪ মে- মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২০ টাকা বকেয়া চাওয়াকে কেন্দ্র করে এক পান ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মন্টপ মাছ…

দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা

মেলবোর্ন, ২৪ মে- যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামজুড়ে ব্যাপক…

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন ৬ জন

মেলবোর্ন, ২৪ মে- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদ নিশ্চিত করেছেন ছয় কাউন্সিলর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আঞ্চলিক ও জেলা…

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর

মেলবোর্ন, ২৪ মে- আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পরিবর্তনের প্রেক্ষিতে দেশে জেট ফুয়েলের দাম বড় পরিসরে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au