বাংলাদেশ

মধ্যরাতের আগুনে পুড়ে ছাই কালশী বস্তি, রাস্তায় হাজারো মানুষ

  • 12:44 pm - May 26, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
মধ্যরাতের আগুনে পুড়ে ছাই কালশী বস্তি, রাস্তায় হাজারো মানুষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মে- ঢাকার পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে শত শত ঘর ও দোকান। চারদিকে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কেউ ঘর থেকে মালামাল বের করতে ব্যস্ত ছিলেন, কেউ স্বজনদের খুঁজছিলেন কান্নাজড়িত চোখে। সরু রাস্তা, পানির সংকট এবং বস্তির ভেতরে থাকা বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে রাজধানীর পল্লবী এলাকার কালশী বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে একে একে মোট ১৫টি ইউনিট মোতায়েন করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুন নেভাতে ১৫টি ইউনিটের ১২৩ জন ফায়ার ফাইটার অংশ নেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

আগুন নিয়ন্ত্রণের সময় দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও কাঁধে তুলে নিচ্ছেন ভারী পানির পাইপ। কেউ পানি সরবরাহে সহায়তা করছেন, কেউ আগুনের মধ্যে আটকে থাকা মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) এম এ আজাদ আনোয়ার বলেন, কালশী বস্তিতে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ ঘর ও দোকান ছিল। সেখানে আনুমানিক সাড়ে তিন হাজার মানুষের বসবাস ছিল।

তিনি বলেন, “সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আমরা আগুন লাগার সংবাদ পাই। ৭টা ৩২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ইউনিট পাঠানো হয়। স্থানীয় জনগণ, ভলান্টিয়ার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

তিনি আরও জানান, আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছু সময় প্রয়োজন হয়। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বস্তির ভেতরের রাস্তা অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। এছাড়া আশপাশে কোনো পানির উৎস না থাকায় বিশেষ পানিবাহী গাড়ি ব্যবহার করতে হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “যেখানে আগুনের ঘটনা ঘটেছে, সেখানে পৌঁছানো কঠিন ছিল। পানির কোনো উৎস না থাকায় আমাদের ১৫টি বিশেষ পানিবাহী গাড়ি ব্যবহার করতে হয়েছে।”

তিনি আরও বলেন, বস্তির ভেতরে ভাঙারি দোকান, কাগজ, কাপড় ও প্লাস্টিকজাতীয় দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একইসঙ্গে বৃষ্টির আগের প্রবল বাতাস আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজ হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগুনে বস্তির প্রায় সব ঘর ও দোকান পুড়ে গেছে।

রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন পুরোপুরি নেভাতে তখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। ঘর হারানো মানুষজন বস্তির পাশের সড়কে বসে আছেন। অনেকেই যেটুকু মালামাল বের করতে পেরেছেন, তা নিয়েই রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দাবি করেছেন, আগুন লাগার কয়েক ঘণ্টা আগে বস্তির এক দোকানির সঙ্গে স্থানীয় এক যুবকের ঝগড়া হয়েছিল। একপর্যায়ে ওই যুবক আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ ওঠে। পরে আগুন লাগার পর উত্তেজিত জনতা ওই যুবককে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে হাসান বাসির বলেন, জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। জনতার মারধরে তিনি কিছুটা আহত হয়েছেন এবং তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান আমিনুল হক। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নাশকতার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সন্দেহ অমূলক নয়। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিলেন ভাঙারির ব্যবসায়ী লাল মিয়া। রাস্তার পাশে বসে কান্নাকাটি করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। দোকানে প্রায় ৫০ লাখ টাকার মাল ছিল। আগামীকাল মাল বিক্রির কথা ছিল। তার আগেই সব পুড়ে ছাই হয়ে গেল।”

আরেক বাসিন্দা আমির উদ্দিন বলেন, “দুটি ঘরে পরিবার নিয়ে থাকতাম। কিছুই বের করতে পারিনি। কোনো রকমে স্ত্রী-সন্তানকে নিয়ে বের হয়ে এসেছি। ঘরে ব্যবসার ৩৭ হাজার টাকা ছিল, সব পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজও চলছে।

 

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au