বাংলাদেশ

‘ব্যাড টাচ’-এর অভিযোগে মিলল না সত্যতা

সিলেটে মব সৃষ্টি করে হিন্দু ব্যবসায়ীর ওপর হামলা, দোকান ভাঙচুর ও লুটপাট; গ্রেপ্তার ৫

চাঁদা না দেওয়ায় ফাঁসানো হয় খগেন্দ্র চন্দ্র দাসকে

  • 4:46 pm - June 01, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার
চাঁদা না দেওয়ায় ফাঁসানো হয় খগেন্দ্র চন্দ্র দাসকে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ জুন- সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকায় চার বছরের এক শিশুকে ‘ব্যাড টাচ’ বা যৌন হয়রানির অভিযোগ তুলে এক হিন্দু ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ হামলা, মারধর, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর পুলিশের তদন্ত এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাতে সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ সেনপাড়া এলাকায় অবস্থিত ‘রানী স্টোর’ নামের একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় একটি শিশুর কেনাকাটাকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, দোকানে কোমল পানীয় কিনতে আসা এক শিশুকে পণ্য দিতে কিছুটা দেরি হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে শিশুটির সঙ্গে অসদাচরণের অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই সামাজিকভাবে উত্তেজনা সৃষ্টি করে একদল লোক দোকানে হামলা চালায়।

আহত ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস জানান, দোকানের ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকা শিশুটিকে সরে দাঁড়াতে বলেছিলেন তিনি। এ ঘটনাকেই বিকৃতভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। কিছুক্ষণ পর শিশুটির মা দোকানে এসে অভিযোগ তোলেন এবং পরে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানে হামলা চালানো হয়।

তার ছেলে রুবেল দাস অভিযোগ করেন, প্রথমে কয়েকজন এসে দোকানে হট্টগোল সৃষ্টি করে। পরে সংঘবদ্ধভাবে আরও লোকজন এসে তার বাবাকে মারধর করে। হামলাকারীরা দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি প্রায় তিন লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর শাহপরান থানায় রুবেল দাস বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন শিল্পী বেগম, আহম্মদ হোসেন আরিফ, আকাশ আহমেদ, রোজী আক্তার, রোকেয়া আক্তার, রফিকুল ইসলাম মিন্টু, শোয়েব, নাদিম আহমদ, ইমন, কামাল, সৈয়দ আবু বক্কর, দেলোয়ার ও অন্তর।

ঘটনার পরপরই পুলিশ দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ পর্যালোচনা এবং সাক্ষ্য-প্রমাণ যাচাই শেষে তদন্তকারীরা অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাননি। পুলিশ বলছে, যৌন হয়রানি বা শ্লীলতাহানির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ মনজুরুল আলম বলেন, এটি মব সহিংসতার একটি স্পষ্ট উদাহরণ। কোনো অভিযোগের সত্যতা যাচাই না করেই আইন নিজের হাতে তুলে নিয়ে একজন ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়েছে। এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে যৌন হয়রানির কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে জনতাকে উসকে দিয়ে হামলা চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে বাকি টাকা বা পণ্য না দেওয়াকে কেন্দ্র করেও বিরোধের তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযান চালিয়ে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর আহত ব্যবসায়ীকে দেখতে হাসপাতালে যান সিলেট জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব বলেন, একটি শিশুকে পণ্য দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ ছড়িয়ে একজন নিরীহ ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়েছে। পরে অভিযোগটি ছড়িয়ে পড়লে আরও লোকজন এসে তাকে মারধর করে গুরুতর আহত করে। প্রশাসনের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন যে সিসিটিভি ফুটেজে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি অনুযায়ী, পূর্বের কিছু আর্থিক লেনদেন বা বাকি পণ্য না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে লক্ষ্যবস্তু বানানো হয়ে থাকতে পারে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

এ ঘটনায় সিলেটজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী মহল এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন গুজব ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংঘটিত মব সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au