বাংলাদেশ

‘পুলিশ হত্যা করেছি’ বলে দাবি করা সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায়

  • 1:15 am - June 11, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুন- হবিগঞ্জে পুলিশের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার দাবি করে কয়েক মাস আগে দেশজুড়ে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসান এবার নিজের নিরাপত্তার জন্য থানায় আশ্রয় নিয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালাতে আসছেন অভিযোগ করে বুধবার ফেসবুকে লাইভে এসে তিনি পুলিশের সহায়তা চান।

বুধবার (১০ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে মাহাদী হাসান দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া করছেন এবং হামলার চেষ্টা করছেন। লাইভে তাকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। এ সময় তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশাযোগে হবিগঞ্জ সদর থানার দিকে ছুটে যান। পরে লাইভের শেষাংশে থানার ভেতরে প্রবেশ করে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে সাহায্যের আবেদন জানান।

লাইভে মাহাদী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালাতে আসছেন। ব্যক্তিগত মতামত প্রকাশের অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, একটি ড্রাইভিং পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে তাকে ধাওয়া করা হয়।

মাহাদী জানান, আগে থেকেই নিজের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের অবগত করেছিলেন। আশ্বস্ত হওয়ার পরই তিনি পরীক্ষায় অংশ নিতে বের হন। কিন্তু পথে পরিস্থিতি ভিন্ন হয়ে যায় এবং তাকে প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নিতে হয়।

মাহাদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। চলতি বছরের শুরুতে তিনি ব্যাপক বিতর্কের জন্ম দেন। গত ২ জানুয়ারি এক যুবককে পুলিশ গ্রেপ্তার করার পর তাকে ছাড়িয়ে আনতে শিক্ষার্থীদের একটি দল নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় যান মাহাদী। সেখানে ওসির কক্ষে ঢুকে তিনি নিজেকে জুলাই আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে নানা বক্তব্য দেন।

সেই সময় প্রকাশিত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে আগুনে জ্বালিয়ে দিয়েছি।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং দেশব্যাপী আলোচনার বিষয় হয়ে ওঠে।

ঘটনার পর ৩ জানুয়ারি পুলিশ মাহাদীকে গ্রেপ্তার করে। তবে পরদিন আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন হবিগঞ্জের বানিয়াচং থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় অবরুদ্ধ হয়ে পড়েন বহু পুলিশ সদস্য। পরে উদ্ধার অভিযানের সময় উপপরিদর্শক সন্তোষ চৌধুরীকে বিক্ষুব্ধ জনতা ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরদিন তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মাহাদী হাসান।

এদিকে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যে ব্যক্তি কয়েক মাস আগে পুলিশের বিরুদ্ধে কঠোর অবস্থান ও সহিংস ঘটনার গৌরবগাথা তুলে ধরেছিলেন, তিনিই এখন নিজের নিরাপত্তার জন্য থানার শরণাপন্ন হয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহাদী হাসানের কিছু মন্তব্যকে কেন্দ্র করে তার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বিরোধ তৈরি হয়েছে।

তবে হামলার অভিযোগের বিষয়ে ওসি বলেন, মাহাদীর প্রকাশ করা ভিডিওতে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে স্পষ্টভাবে দেখা যায়নি। তিনি কাউকে নির্দিষ্টভাবেও শনাক্ত করতে পারেননি। মাহাদী থানায় একটি মৌখিক অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মাহাদী হাসান হবিগঞ্জ সদর থানায় অবস্থান করছেন।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au