স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৬ জুন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধী দলের এক সংসদ সদস্য অভিযোগ করেছেন, প্রতিমন্ত্রী তাঁর দুই ছেলে এবং পারিবারিক পরিচয়ের সঙ্গে মিল রেখে নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে প্রতিমন্ত্রী বলেছেন, ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে ভৌগোলিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায়, ব্যক্তিগত বা পারিবারিক কারণে নয়।
সোমবার জাতীয় সংসদে স্থানীয় সরকার বিভাগের বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেন, প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ী’, যা তাঁর বংশের নামের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি নতুন দুটি ইউনিয়নের নাম ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ রাখা হয়েছে, যা প্রতিমন্ত্রীর দুই সন্তানের নামের সঙ্গে মিলে যায়।
শফিকুল ইসলাম সংসদে বলেন, সরকারের শীর্ষ পর্যায় থেকে পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণ নিরুৎসাহিত করা হলেও বাস্তবে সেই সংস্কৃতি আবার ফিরে আসছে। তিনি দাবি করেন, অতীতে ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক নামকরণের কারণে নানা বিতর্ক তৈরি হয়েছিল এবং বর্তমানেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।
বিষয়টি নিয়ে মাগরিবের নামাজের বিরতির পর সংসদে ব্যক্তিগত ব্যাখ্যা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ এলাকায় ইউনিয়ন পুনর্গঠনের প্রক্রিয়া দীর্ঘ প্রশাসনিক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে সম্পন্ন হয়েছে। নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ।
প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর ইউনিয়নের একটি অংশ গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত হওয়ায় নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে আরেকটি এলাকা অপেক্ষাকৃত দূরবর্তী হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’। এসব নাম ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই নির্বাচন করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের অসংখ্য প্রতিষ্ঠান, স্থাপনা এবং স্থানের নাম রয়েছে। কাকতালীয়ভাবে তাঁর সন্তানদের নামের সঙ্গে এসব নামের মিল রয়েছে। তবে নামকরণে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল না বলে দাবি করেন তিনি।
সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমার সন্তানের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। যদি ব্যক্তিগত উদ্দেশ্য থাকত, তাহলে আমি সরাসরি ‘মীর সীমান্ত’ বা ‘মীর দিগন্ত’ নাম রাখার জন্য বলতাম। কিন্তু ইউনিয়নের নামের আগে কোথাও ‘মীর’ শব্দটি নেই।”
এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে সমর্থন জানান। জবাবে কিছুটা রসিকতার সুরে শাহে আলম বলেন, “আল্লাহ বাঁচাইছে যে সম্মানিত সংসদ সদস্য বলেননি সীমান্ত ব্যাংকও আমার, কিংবা সীমান্ত এক্সপ্রেস ট্রেনও আমার। আবার গুলশানের দিগন্ত টাওয়ারকেও আমার বলে দাবি করেননি।”
সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ উপজেলা এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১১ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের সীমানা পুনর্নির্ধারণ করা হয়।
নতুন কাঠামোর আওতায় শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ নামে একটি ইউনিয়ন গঠন করা হয়েছে। অন্যদিকে মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে তিনটি নতুন ইউনিয়নের নাম ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে আলোচনা শুরু হয়। বিরোধী দল বিষয়টিকে পারিবারিক প্রভাবের উদাহরণ হিসেবে তুলে ধরলেও প্রতিমন্ত্রী ও সরকারপক্ষ বলছে, নামগুলো স্থানীয় ভৌগোলিক বাস্তবতা এবং প্রশাসনিক প্রক্রিয়ার ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে। ফলে নতুন ইউনিয়নের নামকরণ ঘিরে বিতর্ক এখন রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।