মেলবোর্ন, ৪ জুলাই- বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত কঠিন পরীক্ষার মুখেই ফেলেছিল বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দল কেপ ভার্দে। দুইবার সমতায় ফিরে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে কেপ ভার্দেকে। এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
শনিবার যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। তবে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি তৈরি করে কেপ ভার্দে। সপ্তম মিনিটে অধিনায়ক রায়ান মেন্দেস গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
এরপর ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের দূরপাল্লার নিখুঁত পাস থেকে অসাধারণ দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করেন অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ২০তম গোল করে নতুন ইতিহাস গড়েন তিনি। একই সঙ্গে টানা আট বিশ্বকাপ ম্যাচে গোল এবং একাধিক বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল করার বিরল কীর্তিও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৫৭তম মিনিটে রায়ান মেন্দেসের ক্রস থেকে দিরয় দুয়ার্তের নিচু শটে সমতায় ফেরে আফ্রিকার দলটি।
সমতা ফেরার পর একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। কিন্তু ৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা অসাধারণ কয়েকটি সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। মেসির শট, ফ্রি-কিক এবং এনজো ফার্নান্দেজের নিশ্চিত হেড ফিরিয়ে দিয়ে ম্যাচ গড়ান অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে ভেসে আসা বলে জোরালো শটে গোল করেন লিসান্দ্রো মার্তিনেস। তবে হার মানেনি কেপ ভার্দে। ১০৩তম মিনিটে সিডনি লোপেজ কাবরালের দুর্দান্ত দূরপাল্লার শটে আবারও ২-২ সমতায় ফেরে ম্যাচ।
শেষ পর্যন্ত ১১১তম মিনিটে ভাগ্য সহায় হয় আর্জেন্টিনার। মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার বারগেসের গায়ে লেগে আত্মঘাতী গোলে জালে জড়ালে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
ম্যাচের শেষদিকে আরও একবার সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। তবে এমিলিয়ানো মার্তিনেস দুর্দান্ত সেভ করে সেই সম্ভাবনা নস্যাৎ করে দেন।
দুর্দান্ত লড়াইয়ের পর কষ্টার্জিত এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে বিশ্বকাপে অভিষেক আসরেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাহসী ফুটবল উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছে কেপ ভার্দে।