বাংলাদেশ

খুবিতে ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের,প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হলেও

  • 6:02 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
ফাইল ছবি

মেলবোর্ন, ২৬ জুলাই: দীর্ঘ চার দিনের অচলাবস্থার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রশাসনিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেওয়ায় রোববার থেকে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে তিন দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ভবনগুলোর তালা খুলে দেন। রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করে জানায়, চলমান তদন্ত ও জরুরি প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয়। তবে যৌন হয়রানি ও ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের ঘটনার সুষ্ঠু বিচার এবং তিন দফা দাবি বাস্তবায়নের আগে কোনো শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নেবেন না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, ২২ জুলাই রাতে বিজয়’২৪ হলে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রধান ফটকসহ প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসন বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু করে এবং কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে।

এর অংশ হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনে বিভাগীয় প্রধানরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসব বৈঠকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির প্রতি শিক্ষকরা সমর্থন জানান।

পরে বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলম ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. নবীউল ইসলাম খানকে ২২ ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়।

পরে ওই আলোচনার পর শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে প্রশাসন শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পুনর্ব্যক্ত করে।

চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরিচালিত ‘টু টু’ ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে অ্যাকাডেমিক কাউন্সিলের দুই শিক্ষক প্রতিনিধি শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। সে পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ভবনগুলোর তালা খুলে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নেবেন না। একই সঙ্গে স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি দাবি বাস্তবায়নের পর দ্রুত প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি দাবি পূরণের আগে শিক্ষার্থীদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্লাসে ফেরার জন্য কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি না করারও অনুরোধ জানানো হয়েছে।

এর আগে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং বিজয়’২৪ হলের ক্যানটিনকর্মীর বিরুদ্ধে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগের বিচার দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের কর্মসূচি ঘোষণা করেন। পরে প্রশাসনের সঙ্গে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় গত বৃহস্পতিবার প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে-ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত ক্যানটিনকর্মী ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রভোস্ট বডিকে জবাবদিহির আওতায় আনা, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছার ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল।

গত বুধবার রাতে বিজয়’২৪ হলের ছাত্রীদের শৌচাগার ও গোসলখানার ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে ক্যানটিনকর্মী ইমাম হাসানকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই ঘটনায় তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া, গত ১৮ জুন অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এর আগে গত বছরের আগস্টে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধেও দুই ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ সামনে আসে। দুই ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও অভিযুক্ত দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এখনো চলছে।

 

এই শাখার আরও খবর

১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক

মেলবোর্ন, ২৭ জুলাই: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার…

জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

মেলবোর্ন, ২৭ জুলাই: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ…

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র প্রশংসায় ক্রিস্টোফার নোলান

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের…

চ্যাটজিপিটিতে ‘হেলথ’ ফিচার চালু, মিলবে ব্যক্তি কেন্দ্রিক স্বাস্থ্য সহায়তা

মেলবোর্ন, ২৭ জুলাই: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি ফিচার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি অ্যাপল হেলথ…

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধানে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা

মেলবোর্ন, ২৭ জুলাই: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত সম্মাননা ফিল্ডস মেডেল প্রথমবারের মতো অর্জন করেছেন দুই চীনা গণিতবিদ। তাদের সঙ্গে এ বছরের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au