বিশ্ব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপিতে লেনদেন চায় রাশিয়া

  • 9:57 pm - July 29, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
ফাইল ছবি

মেলবোর্ন, ২৯ জুলাই: মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ব্যাংকগুলোর সঙ্গে আন্তর্জাতিক লেনদেনে জটিলতা তৈরি হওয়ায় বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ভারতীয় রুপিতে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে মস্কো। একই সঙ্গে ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখা স্থাপন এবং দুই দেশের মধ্যে পৃথক অর্থ পরিশোধ ব্যবস্থা (পেমেন্ট মেকানিজম) চালুর প্রস্তাবও পুনরায় উত্থাপন করেছে দেশটি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এর আগে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করতে একটি প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হবে।

ইআরডির কর্মকর্তারা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার বিভিন্ন ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে দুই দেশের মধ্যে প্রচলিত ব্যাংকিং চ্যানেলে অর্থ লেনদেন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে ভারতীয় রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া।

এর পাশাপাশি বাংলাদেশে একটি রুশ ব্যাংকের শাখা খোলা এবং আলাদা পেমেন্ট অবকাঠামো গড়ে তোলার প্রস্তাবও দিয়েছে মস্কো। আওয়ামী লীগ সরকারের আমলেও একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চাওয়ার পর আর অগ্রগতি হয়নি।

নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থায়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের কিস্তি পরিশোধও জটিল হয়ে পড়েছে। বর্তমানে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ সরাসরি ঋণের অর্থ পাঠাতে পারছে না। প্রথমে রাশিয়া চীনা ইউয়ানে অর্থ পরিশোধের প্রস্তাব দিলেও সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে বাংলাদেশ ও চীনের ব্যাংকগুলো এতে আগ্রহ দেখায়নি।

অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ঋণের কিস্তির অর্থ সোনালী ব্যাংকে রাশিয়া-সংশ্লিষ্ট একটি হিসাবে জমা রাখা হচ্ছে। তবে বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে রুশ ব্যাংকগুলো সেই অর্থ ব্যবহার করতে পারছে না।

অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে রাশিয়া বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠন, রুশ ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিকারকদের তালিকা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে সহায়তার প্রস্তাবও দিয়েছে।

অন্যদিকে, আসন্ন আন্তঃসরকার কমিশনের বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা বাড়ানো এবং ডিজিটাল অর্থনীতি, কৃষি, খাদ্য নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, সংযোগ ও লজিস্টিকস খাতে সহযোগিতা সম্প্রসারণ।

এদিকে সচিবালয়ে পৃথক এক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির এবং রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স ভিয়াচেস্লাভ সেন্টিউরিন খাদ্য নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রাশিয়া জানায়, সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) আন্তর্জাতিক বাজারদরের তুলনায় প্রতি টনে ১০ ডলার কম দামে প্রায় ২ লাখ ৮০ হাজার টন ইউরিয়া সার সরবরাহে তারা আগ্রহী। এছাড়া সূর্যমুখী তেল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

রাশিয়ার আগ্রহকে স্বাগত জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

 

এই শাখার আরও খবর

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au