বাংলাদেশ

দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়

  • 2:00 am - August 03, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই মো. ইব্রাহিমকে জমকালো ও অশ্রুসিক্ত আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় সম্মাননায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ আগস্ট: দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনের সফল সমাপ্তি ঘটিয়ে অবসরে গেলেন বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম। কর্মজীবনের শেষ দিনে সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানে সিক্ত হয়ে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় নিলেন তিনি। আবেগঘন এই আয়োজনের সাক্ষী হন কোনাবাড়ী থানা পুলিশের সদস্যরা।

রোববার (২ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উদ্যোগে এএসআই ইব্রাহিমের অবসর উপলক্ষে বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সহকর্মীরা।

বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে থানা প্রাঙ্গণ ফুল, রঙিন আলোকসজ্জা ও নান্দনিক সাজে সাজানো হয়। অনুষ্ঠানের শুরুতে স্মৃতিচারণ পর্বে সহকর্মীরা এএসআই ইব্রাহিমের দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে তিনি সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং মানবিক আচরণের পরিচয় দিয়েছেন। একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে তিনি সহকর্মীদের কাছেও ছিলেন অনুকরণীয়।

অনুষ্ঠান শেষে ফুল দিয়ে বিশেষভাবে সাজানো একটি গাড়িতে করে তাঁকে বিদায় জানানো হয়। এ সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সহকর্মীরা ফুল ছিটিয়ে এবং করতালির মাধ্যমে তাঁকে শেষ সম্মান জানান। আবেগঘন সেই মুহূর্তে অনেক সহকর্মীকেই অশ্রুসিক্ত চোখে প্রিয় সহযোদ্ধাকে বিদায় জানাতে দেখা যায়। পুরো আয়োজনজুড়ে তৈরি হয় এক আবেগময় পরিবেশ।

এএসআই মো. ইব্রাহিম ১৯৯৭ সালের ১ অক্টোবর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২৯ বছর ৭ মাসের কর্মজীবনে তিনি বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় কর্মরত ছিলেন। কর্মজীবনের সফল সমাপ্তি টেনে সেখান থেকেই তিনি অবসরে গেলেন। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সিঙ্গারদিঘী গ্রামের বাসিন্দা এবং আশরব আলীর ছেলে।

বিদায় অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে এএসআই ইব্রাহিম বলেন, “দীর্ঘ কর্মজীবনে সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করার চেষ্টা করেছি। আজ সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেলাম, তা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। এই মুহূর্ত আমি কোনোদিন ভুলতে পারব না।”

কোনাবাড়ী থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, কর্মজীবনে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো পুলিশের সাংগঠনিক সংস্কৃতিরই একটি অংশ। এ ধরনের সম্মানজনক বিদায় শুধু একজন সদস্যের অবদানের স্বীকৃতিই নয়, এটি নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা ও দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই এএসআই ইব্রাহিমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au