বিশ্ব

মস্কোর অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

  • 4:08 am - August 03, 2026
  • পঠিত হয়েছে:২৫১ বার
বিস্ফোরণের ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জরুরি সেবা বিভাগের কর্মীদের মোতায়েন থাকতে দেখা যায়। (ছবি: মস্কো নিউজ এজেন্সি/এপি: সের্গেই ভেদিয়াশকিন)

মেলবোর্ন, ৩ আগস্ট: রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিস্ফোরক বহনকারী সন্দেহভাজন নারীও রয়েছেন। ঘটনাটিকে “নৃশংস সন্ত্রাসী হামলা” বলে উল্লেখ করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তিনি।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় মধ্য মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত অভিজাত ইতালীয় রেস্তোরাঁ বালজি রোসি-তে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেয়র সোবিয়ানিন বলেন, “গতকাল মস্কোয় একটি নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে, যাতে প্রাণহানি ঘটেছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকেএ) জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, এক নারী বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেন। তবে নিরাপত্তারক্ষী তাঁকে ভেতরে ঢুকতে বাধা দিলে প্রবেশপথের কাছেই বিস্ফোরণ ঘটে।

জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির তথ্যমতে, বিস্ফোরণে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি ঘটনাস্থলেই নিহত হন।

মস্কোর তদন্ত কমিটি জানিয়েছে, ঘটনাটির কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। রোববার স্থানীয় সময় দুপুর পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

মস্কোর কেন্দ্রস্থলের একটি অভিজাত রেস্তোরাঁয় এই হামলার ঘটনা ঘটে। (ছবি: রয়টার্স/আনাস্তাসিয়া বারাশকোভা)

ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁ এলাকা ঘিরে রেখেছেন ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী যান।

হামলার লক্ষ্য কি কোনো শীর্ষ সামরিক কর্মকর্তা?

রুশ কর্তৃপক্ষ এখনো নিহত, আহত বা সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাইবিহীন কিছু পোস্টে দাবি করা হয়েছে, হামলার লক্ষ্য ছিলেন রাশিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তা। যদিও তিনি অক্ষত রয়েছেন। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

ইউক্রেন যুদ্ধ শুরুর চার বছরের বেশি সময় পার হওয়ার পর চলতি বছর রাশিয়া উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের ঘোষণা দেয়। সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার জন্য মস্কো ইউক্রেনকে দায়ী করে আসছে।

এ ঘটনার পরও প্রমাণ ছাড়াই কয়েকজন রুশ যুদ্ধবিষয়ক ব্লগার ইউক্রেনকে দায়ী করেছেন। তবে কিয়েভ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে রুশ দৈনিক কোমেরসান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, বিস্ফোরক বহনকারী নারী হয়তো জানতেনই না যে তাঁর কাছে বোমা রয়েছে। পত্রিকাটির ধারণা, অন্য কেউ দূর থেকে বিস্ফোরকটির বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। তবে এ দাবিরও এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার দিন সেখানে একটি ব্যক্তিগত অনুষ্ঠান থাকায় সাধারণ অতিথিদের জন্য রেস্তোরাঁটি বন্ধ ছিল।

 

এই শাখার আরও খবর

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…

যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au