৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের
এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…
মেলবোর্ন, ৩ আগস্ট: কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় পরিচালিত সব প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। অবৈধভাবে পরিচালিত প্যারাসেইলিং প্রতিষ্ঠানের সরঞ্জাম জব্দ এবং স্থাপনা উচ্ছেদও করা হয়েছে।
রোববার (২ আগস্ট) নিহত সৌভিক রায়ের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং প্রতিষ্ঠানের মালিক মো. ফরিদকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার (১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের দরিয়ানগর সমুদ্রসৈকতে বেড়াতে যান সৌভিক রায়। সেখানে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের পক্ষ থেকে তাকে প্যারাসেইলিং রাইডে অংশ নিতে উৎসাহিত করা হয়। অভিযোগে বলা হয়, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই তাকে আকাশে উড়ানো হয়।
এজাহার অনুযায়ী, প্যারাসেইলিং চলাকালে মাঝ আকাশে হঠাৎ রশি ছিঁড়ে গেলে সৌভিক রায় সাগরে পড়ে যান। ঘটনাস্থলে পর্যাপ্ত উদ্ধারকর্মী কিংবা লাইফগার্ড না থাকায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার ভিডিও ফুটেজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
ঘটনার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি সমুদ্রসৈকতে প্রতিষ্ঠানটির নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্যারাসেইলিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি। দুর্ঘটনার পর মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় পরিচালিত সব প্যারাসেইলিং কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, রোববার বাংলাদেশ পর্যটন ভবনে অনুষ্ঠিত এক সভায় কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পর্যটনমন্ত্রী আরও নির্দেশনা দেন, ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। নিরাপত্তা মান নিশ্চিত না করে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পর্যটন কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পর্যটন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au