না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের শিল্পী স্বাগত দে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৭ আগষ্ট: বাংলা লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের মাধ্যমে দুই বাংলার সংগীত প্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া এই শিল্পী বুধবার (৫ আগস্ট) রাতে ভারতের পশ্চিমবঙ্গের বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট হঠাৎ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পশ্চিমবঙ্গের বারাসত নবপল্লীর বাসিন্দা স্বাগত দে ভাটিয়ালি সহ বিভিন্ন ধারার লোকসংগীত পরিবেশনে দক্ষ ছিলেন। তবে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটিই তাঁকে দুই বাংলার শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। ‘সোনা বন্ধু রে’ গানটিও তাঁর জনপ্রিয় সৃষ্টির অন্যতম।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন স্বাগত দে। ‘ভিঞ্চিদা’ চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।
স্বাগত দের মৃত্যুতে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী জোজো মুখোপাধ্যায় লিখেছেন, ‘তারাদের দেশে ভালো থেকো।’ আর সংগীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় লিখেছেন, ‘বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে হারালাম। অনেক ভালোবাসা।’