রোমে বিমানের ভেতর সাত ঘণ্টার বেশি আটকা ২৬০ যাত্রী
মেলবোর্ন, ৮ আগষ্ট- প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়ে আছেন প্রায় ২৬০ যাত্রী। টরন্টো…
মেলবোর্ন, ৮ আগষ্ট- বিশ্বকাপ আয়োজনের জন্য নতুন প্রতিষ্ঠান গঠন করে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার গভীর অপব্যবহারের’ অভিযোগ তুলেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।
৭০টির বেশি দেশের খেলোয়াড় সংগঠন নিয়ে গঠিত ফিফপ্রো বলেছে, ইনফান্তিনোর কর্মকাণ্ডের কারণে ফিফার প্রতি খেলোয়াড়দের আস্থা ‘মৌলিকভাবে ভেঙে পড়েছে’।
যে পরিকল্পনা নিয়ে বিতর্ক
বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো আয়োজনের জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিল ফিফা। প্রস্তাবিত প্রতিষ্ঠানটিতে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার কথা সদস্য দেশগুলোর ফুটবল সংস্থাগুলোকে জানানো হয়েছিল।
তবে পরিকল্পনাটি নিয়ে ব্যাপক বিরোধিতা দেখা দিলে গত সপ্তাহে তা থেকে সরে আসার ঘোষণা দেয় ফিফা। বুধবার মরক্কোয় অনুষ্ঠিত এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে ফিফা স্বীকার করে, এফএফই গঠনের উদ্যোগ নেওয়ার প্রক্রিয়ায় ভুল ছিল।
ফিফার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ফিফপ্রো।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এফএফই প্রস্তাব প্রত্যাহার করা ছাড়া ফিফার সামনে আর কোনো বাস্তবসম্মত পথ ছিল না। তবে প্রস্তাব প্রত্যাহার করলেই বিষয়টি পুরোপুরি শেষ হয়ে যায় না।
ফিফপ্রোর অভিযোগ, ঘটনাটিকে শুধু ‘পরিচালনাগত ব্যর্থতা’ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি ছিল ‘প্রেসিডেনশিয়াল ক্ষমতার গভীর অপব্যবহার’।
সংগঠনটির মতে, এফএফই পরিকল্পনা প্রত্যাহারের ফলে একটি বড় ধরনের অপরিবর্তনীয় সিদ্ধান্ত আপাতত ঠেকানো গেছে। কিন্তু এর মাধ্যমে ফিফার প্রতি খেলোয়াড়দের আস্থার সংকট দূর হয়নি।
সংস্কারের দাবি ফিফপ্রোর
ফিফপ্রো বলেছে, সতর্কভাবে তৈরি করা বিবৃতি, অভ্যন্তরীণ পর্যালোচনা কিংবা ভবিষ্যতে প্রক্রিয়া উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে এই আস্থা পুনরুদ্ধার করা সম্ভব নয়।সংগঠনটির ভাষ্য, ফিফার পরিচালনা কাঠামোয় যেসব সংস্কার আগে থেকেই থাকা উচিত ছিল, সেগুলো এখন জরুরি হয়ে পড়েছে। তবে ভবিষ্যতের জন্য সংস্কারের ঘোষণা অতীতে নেওয়া সিদ্ধান্তের দায় থেকে মুক্তির উপায় হতে পারে না।
ফিফপ্রো আরও বলেছে, চলমান সংকট খেলোয়াড়দের তৈরি নয়। তবে খেলোয়াড়দের সংগঠন হিসেবে তারা চায়, এই সংকট কাটিয়ে ফিফা আরও শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর সুরক্ষাব্যবস্থা এবং ফুটবলের প্রতি আস্থার যোগ্য নেতৃত্ব নিয়ে সামনে এগিয়ে যাক।
এ বিষয়ে ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রমকে চিঠি দিয়ে পরিচালন কাঠামোয় সংস্কারের দাবি জানিয়েছে ফিফপ্রো।
বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের দেখা ওই চিঠিতে বলা হয়েছে, ফিফা সভাপতির দায়িত্ব প্রতিষ্ঠানকে রক্ষা করা, প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে যাওয়া নয়। বিশ্বকাপ কোনো সভাপতির ব্যক্তিগত সম্পদ নয়, ফিফাও কোনো ব্যক্তির ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au